দেশে আগামী তিনমাস স্বাভাবিক বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের লক্ষে বুধবার বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটি দীর্ঘমেয়াদি তিনমাসের পূর্বাভাসে বলা হয়, দেশে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ সময়ে বিচ্ছিন্নভাবে দেশে ৩ থেকে ৫ টি মৃদু থেকে মাঝারি ধরণের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১ থেকে ৩টি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, দেশে জুন মাসে ২৯ দশমিক ৪ মিলিমিটার কম হলেও চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এসময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে; এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে। ১ থেকে ২ টি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
জুলাই মাসে মৌসুমী বৃষ্টিপাত জনিত কারণে দেশের প্রধান নদ-নদীসমূহের পানিসমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারি বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, জুলাই মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘন্টা থাকতে পারে।
এমই