হোম > প্রকৃতি ও পরিবেশ

ফের তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার

বৃষ্টিপাত কমে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী শনিবার থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়ে টানা কয়েকদিন চলতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাত কমে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়বে। এছাড়াও চলতি মাসের শুরুর দিকে দীর্ঘ পূর্বাভাসেও এক থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, আগামীকাল শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর ধীরে ধীরে সারা দেশে তাপমাত্রা আরও বাড়বে। আগামী শনিবার কিংবা রোববার থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়ে টানা কয়েকদিন চলতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

তবে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহ বয়ে গেলেও ওই দুই বছরের ন্যায় এবার তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের ১৭ জেলায় এবং শুক্রবার ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন শনিবারও ১৫ জেলায় তাপপ্রবাহ থাকে। এর পরদিন রোববার থেকে বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ কমে গিয়েই স্বাভাবিক অবস্থায় ফিরে। এতে গত রোববার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির প্রভাবে গরম ততটা অনুভব হয়নি।

গত শুক্রবার (৩ এপ্রিল) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় চলতি মাসের শুরুর দিকে টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

টানা ৫দিন বিরতির পর আগামীকাল শুক্রবার থেকে পুনরায় সারাদেশে তাপমাত্রা বাড়বে। এতে আগামী শনিবার কিংবা রোববার থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়ে টানা কয়েকদিন বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সারা দেশে কমবেশি বৃষ্টি থাকবে আজ, তাপমাত্রা বাড়বে কাল থেকে

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কালবৈশাখী ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২ জেলায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

যে ১৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

দুপুরের মধ্যে শক্তিশালী ঝড়-বৃষ্টির আভাস

চলতি মাসে আসছে একাধিক তীব্র তাপপ্রবাহ

বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন