হোম > প্রকৃতি ও পরিবেশ

ভ্যাপসা গরমের পর রাজধানীতে ভারী বৃষ্টি, জনমনে স্বস্তি

স্টাফ রিপোর্টার

এক সপ্তাহের ব্যবধানে মৌসুমি বায়ু বিস্তার লাভ করায় সারা দেশেই বর্ষার বৃষ্টি হচ্ছে। চার-পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত শনিবার দুপুরে মৌসুমি বায়ু টেকনাফ উপকূল হয়ে চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করে তা দেশজুড়ে বিস্তার লাভ করে সক্রিয় রয়েছে।

মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে শুক্রবার ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের প্রতিটি বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনীতে ১০৩ মিলিমিটার। এ দিন রাজধানীতেও ভারী বৃষ্টি হয়েছে। ঢাকায় বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা নাগাদ তিন ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার সারা দেশের মধ্যে রাজধানী ঢাকায় তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এতে দিনজুড়ে রাজধানীতে ভ্যাপসা গরমের দাপট ছিল আগের কয়েক দিনের তুলনায় অনেক বেশি। অবশ্য ভারী বৃষ্টির ফলে সন্ধ্যা ৬টার দিকে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রির মতো কমে হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এতে রাজধানীবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

সকাল থেকে ভ্যাপসা গরমের পর বেলা ৩টার কিছু সময় পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ বৃষ্টি। বৃষ্টির জন্য রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ছুটির দিনে রাস্তায় বেরিয়ে অনেকে বেকায়দায় পড়েন।

শুক্রবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এতে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাত ৮টার দিকে আবহাওয়াবিদ নাজমুল হক আমার দেশকে বলেন, মৌসুমি বায়ু সারা দেশেই বিস্তার লাভ করে সক্রিয় হয়েছে। এর ফলে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। চার-পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।

তিনি আরো বলেন, এবার বর্ষায় বৃষ্টি হলেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। এছাড়া এবার এল নিনো সক্রিয় থাকায় সারা বিশ্বেই এর প্রভাব থাকবে। এতে বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে তাপমাত্রার চেয়েও বেশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

এমই

মৌসুমিবায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বৃষ্টি ঝরলেও ভ্যাপসা গরমের দাপট থাকবে

বর্ষায় বৃষ্টি হলেও তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হবে

তাপমাত্রা বেড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে

ফের তাপপ্রবাহ, সারাদেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

আগামী ৩-৪ দিনে সারা দেশে বাড়তে পারে ভারি বৃষ্টি

দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, বর্ষাকালের আনুষ্ঠানিক সূচনা

দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন আসতে পারে

পরিবেশ ধ্বংসকারী উন্নত দেশগুলোকেই ক্ষতিপূরণ দিতে হবে