হোম > প্রকৃতি ও পরিবেশ

সারা দেশে কমবেশি বৃষ্টি থাকবে আজ, তাপমাত্রা বাড়বে কাল থেকে

স্টাফ রিপোর্টার

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আবারও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত কমে গেলে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। এর আগে গত শুক্রবার দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে গিয়েছিল। পরদিন শনিবারও ১৫ জেলায় তাপপ্রবাহ ছিল। এরপর রোববার থেকে তাপপ্রবাহ কমে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গত রোববার থেকে আজ পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ নেই। দেশের বিভিন্ন স্থানে এর পর থেকে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। এ জন্য বর্তমানে গরম ততটা তীব্র হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ, ৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ আর ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়।

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কালবৈশাখী ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২ জেলায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

যে ১৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

দুপুরের মধ্যে শক্তিশালী ঝড়-বৃষ্টির আভাস

চলতি মাসে আসছে একাধিক তীব্র তাপপ্রবাহ

বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, সিলেটে ঝড়ের শঙ্কা