কালবৈশাখীর সতর্কতা
দেশের ১৩টি অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কায় ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার দুপুরে দেওয়া ৪৮ ঘণ্টার আরেক পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ তীব্র দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
একই সঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বর্ষণ হতে পারে।
এর ফলে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।