বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। আজ ছুটির দিনেও এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় নম্বরে ভিয়েতনামের হো চি মিন শহর ও তৃতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি। শুক্রবার সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৩০, দ্বিতীয় অবস্থানে থাকা হো চি মিন শহরের দূষণ স্কোর ২২০। দূষণ তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি। সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।