বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশজুড়ে একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টি বলয় সক্রিয় হতে চলেছে। এতে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। উপকূলসহ কয়েকটি এলাকায় এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যমতে, বৃহস্পতিবার শুরু হওয়া এ বৃষ্টি বলয় আগামী সোমবার পর্যন্ত ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। ২০ ও ২১ নভেম্বর এর সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে। এর ফলে তাপপ্রবাহ পুরোপুরি কেটে গিয়ে আবহাওয়া বেশ শীতল হয়ে উঠতে পারে।
বিডব্লিউওটি জানায়, বৃষ্টি বলয়টি প্রথমে দক্ষিণাঞ্চলে সক্রিয় হবে, পরে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলে বিস্তৃত হবে। খুলনা ও ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকাতেও এর প্রভাব ভালোভাবে পড়বে। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি মাত্রায় সক্রিয় থাকলেও দক্ষিণ চট্টগ্রামের কিছু এলাকায় প্রভাব তুলনামূলক কম হতে পারে।
এ সময় কালবৈশাখী বা শিলাবৃষ্টির আশঙ্কা নেই। তবে দেশের অধিকাংশ স্থানে দমকা বা মাঝারি হাওয়া বইতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব ও বায়ুচাপের তারতম্যে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে। আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বেশি সক্রিয় এলাকাগুলোতে একটানা বৃষ্টি হতে পারে। দক্ষিণ চট্টগ্রামে অন্য এলাকার তুলনায় রোদ কিছুটা বেশি থাকতে পারে। ভারী বৃষ্টিতে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিলেও পাহাড়ি ঢল বা পাহাড়ধসের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
বিভাগভিত্তিক হিসাবে, এই পাঁচ দিনে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহীতে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশালে ৮০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহে ৬০ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ৫০ থেকে ৭০ মিলিমিটার, চট্টগ্রামে ২০ থেকে ১০০ মিলিমিটার এবং রংপুরে ৩০ থেকে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। এ বৃষ্টিতে দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকার কৃষিজমির সেচের চাহিদা মিটতে পারে।
জেলাভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন অংশেও উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি চলাকালে মেঘলা আকাশ ও কম রোদের কারণে জনজীবনে শীতল ভাব বজায় থাকবে।
সংস্থাটি আরও জানায়, টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় তাপমাত্রা হঠাৎ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। ফলে এ মৌসুমের স্বাভাবিক আবহাওয়ার চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। আজ থেকেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান দ্রুত কমতে শুরু করতে পারে, যা শীতের আমেজ আরও বাড়াবে।
আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছে ওয়েদার অবজারভেশন টিম। রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম হওয়ায় তারা সহজেই সর্দি-কাশি, জ্বর ও ঠান্ডাজনিত নানা জটিলতায় আক্রান্ত হতে পারেন। তাই পরিবারের এসব সদস্যের প্রতি বিশেষ খেয়াল রাখার পাশাপাশি আগেভাগেই পর্যাপ্ত গরম কাপড় প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।