পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬, রংপুরে ৩, কুড়িগ্রামের রাজারহাটে ১ মিলিমিটার এবং বগুড়ায় সামান্য বৃষ্টি ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি গত ২৪ ঘণ্টায় । তবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, গতকাল থেকে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, গত সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ শনিবারও কোথাও কোথাও অব্যাহত থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতায় তাপমাত্রা কমতে পারে। আগামীকাল রোববার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকা এবং তাপপ্রবাহ প্রশমিত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
এদিকে আগের দিনের তুলনায় সারা দেশে তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি ধীরে ধীরে কমছে। গত বুধবার ২৭ জেলায়, গত বৃহস্পতিবার ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও শুক্রবার তা আরো কমে ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। একই সঙ্গে কমছে তাপপ্রবাহের তীব্রতাও। গত বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস; বৃহস্পতিবার তা কিছুটা কমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল শুক্রবার আরো কমে রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ আরো কমতে পারে।
সারা দেশের মতো রাজধানীতেও তাপমাত্রার তীব্রতা কিছুটা কমে এসেছে। গত বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করো হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিন ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি। আর এটাই চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার তীব্রতা কমেছে; রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আমার দেশকে বলেন, তাপপ্রবাহের পরিধি ধীরে ধীরে কমে আসছে। আজ শনিবার আরো কমতে পারে। এরপর রোববার সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, আজ শনিবার মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামীকাল রোববার থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি হতে পারে। এই প্রবণতা আরো কয়েক দিন চলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।