‘আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন আমাদের। তবে সবার আগে এ বিষয়ে করণীয় নির্ধারণে বিশেষ কমিশন গঠন করতে হবে।’
শুক্রবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ২৫ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নিজেই একজন পরিবেশবিদ। তিনি পরিবেশ সুরক্ষায় ইতিমধ্যে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। তবে, বিভিন্ন ইস্যুতে সরকার কমিশন ও বিশেষ কমিটি গঠন করেছে। কিন্তু পরিবেশের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘বাজার অর্থনীতির কারণে জমির অস্বাভাবিক মূল্য বেড়েছে। যে কারণে নদ-নদী, জলাভূমি ও বনভূমি দখল করে আবাসন নির্মাণ করা হচ্ছে। যে কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে। এক্ষেত্রে কালো টাকার প্রভাবও দায়ী। সুফল পেতে চাইলে সকলকে একই মঞ্চে আনতে হবে। বিগত ২৫ বছরের কাজের মধ্য দিয়ে ‘বাপা’ ও ‘বেন’ দেশের পরিবেশের সমস্যাবলি সম্পর্কে এক বিপুল জ্ঞানভাণ্ডার গড়ে তুলেছে।’
বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, ‘বেন’-এর গ্লোবাল সমন্বয়কারী অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান, বাপা সহসভাপতি ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।