হোম > প্রকৃতি ও পরিবেশ

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের অঙ্গীকার, সবুজ শিল্পায়ন চুক্তি

জলবায়ু উদ্যোগের ফল জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার

গাজী শাহনেওয়াজ, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, জলবায়ু খাতে সরকারের উদ্যোগের ফলাফল আর শুধু প্রতিশ্রুতি কিংবা প্রকল্পের তালিকায় সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। এ খাতে কী পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি হয়েছে এবং জনগণের জীবনে তার কী প্রভাব পড়েছে, তার সুনির্দিষ্ট হিসাব তুলে ধরতে চায় সরকার।

তিনি বলেন, আগামী পাঁচ বছর পর সুনির্দিষ্ট তথ্য, বাস্তব অগ্রগতি ও পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে জনগণ যেন সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

গতকাল সোমবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্যদিকে, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তি ও শিল্পায়নকে মূল চালিকাশক্তি হিসেবে যুক্ত করার লক্ষ্যে কপ-৩১ সম্মেলনে ঘোষণা করা হয়েছে ‘আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অঙ্গীকার’এবং ‘আনতালিয়া সবুজ শিল্পায়ন চুক্তি’। এসব উদ্যোগের মাধ্যমে জলবায়ু কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, শিল্পের কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

সাইমুম পারভেজ বলেন, অতীতে জলবায়ু খাত নিয়ে অনেক আলোচনা ও প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের লক্ষ্য এমন ফলাফল অর্জন করা, যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে এবং সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব হবে।

তিনি বলেন, জলবায়ু খাতে কী পরিবর্তন এসেছে এবং কতটুকু অগ্রগতি হয়েছে, তার সুস্পষ্ট হিসাব জনগণকে দিতে চায় সরকার। সে লক্ষ্যেই কাজ চলছে, যাতে পাঁচ বছর পর জনগণ পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কর্মকাণ্ড বিচার করতে পারেন। স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক অভিযোজন, কার্যকর জলবায়ু অর্থায়ন এবং টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে সম্মেলনে ‘আনতালিয়া এআই অঙ্গীকার’ করা হয়েছে। এতে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এক প্ল্যাটফর্মে এনে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জলবায়ু প্রযুক্তির ব্যবহার ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এআইয়ের দ্রুত বিস্তার বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা এবং এআই অবকাঠামোর পরিবেশগত প্রভাব নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। তবে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে একই প্রযুক্তি জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিদ্যুৎ গ্রিডের দক্ষতা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়, শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু ঝুঁকির পূর্বাভাস উন্নত করার ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ রয়েছে।

আনতালিয়া এআই অঙ্গীকারে চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—টেকসই উপায়ে এআই অবকাঠামো ও হার্ডওয়্যারের বিদ্যুৎ সরবরাহ ও নির্মাণ, এআইয়ের জীবনচক্রজুড়ে দায়িত্বশীল নকশা ও ব্যবস্থাপনা, এআই ব্যবস্থার পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও প্রতিবেদন প্রকাশ এবং উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ (এলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোতে জলবায়ু কার্যক্রমের জন্য এআইভিত্তিক আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় এআই শক্তিশালী হাতিয়ার হতে পারে। তবে এর ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও টেকসই।

অন্যদিকে, বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশের জন্য দায়ী শিল্প খাতকে পরিবেশবান্ধব করতে ঘোষণা করা হয়েছে ‘আনতালিয়া সবুজ শিল্পায়ন চুক্তি’। এতে প্রায় শূন্য ও স্বল্পনিঃসরণ শিল্প উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগ এবং বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিল্প উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও)-এর মহাপরিচালক গার্ড মুলার বলেন, কোনো দেশকে উন্নয়ন ও জলবায়ু কার্যক্রমের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয়। বরং সবুজ শিল্পায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

সম্মেলনে শহুরে জলবায়ু কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল টুইন এবং ইন্টারনেট অব থিংসের (আইওটি) ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর সবুজ শিল্পায়ন সুবিধা (এলডিসি-জিআইএফ) এবং শিল্প রূপান্তরের জন্য দেশীয় প্ল্যাটফর্ম গঠনের নির্দেশিকা উন্মোচন করা হয়েছে। এসব উদ্যোগের উদ্দেশ্য জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব বিনিয়োগ ও কার্যকর ফলাফলে রূপ দেওয়া।

সম্মেলনের সভাপতি মুরাত কুরুম বলেন, জলবায়ু সমাধানের অংশ হিসেবে শিল্প ও প্রযুক্তিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশবান্ধব প্রযুক্তি উৎপাদন এবং কৃষির মতো সম্পদনির্ভর খাতে জ্বালানি ব্যবহারের আনুপাতিক বৃদ্ধি ছাড়াই টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে।

পরিবেশগত তথ্য প্রকাশ, সবুজ ডেটা সেন্টার স্থাপন এবং এআই-সক্ষম জলবায়ু সমাধান বাস্তবায়নের মতো উদ্যোগের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথাও সামনে আনা হয়েছে।

তবে এসব ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে অর্থায়ন, প্রযুক্তির সহজলভ্যতা, জবাবদিহি এবং বাস্তবায়নের ওপর। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশের জন্য শুধু প্রযুক্তি ও শিল্পায়নের প্রতিশ্রুতি যথেষ্ট নয়। প্রয়োজন সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় জনগোষ্ঠীর কাছে বিনিয়োগের সুফল পৌঁছে দেওয়া।

কপ৩১-এর এসব উদ্যোগ সে সুযোগ তৈরি করতে পারবে কি না, তা এখন দেখার বিষয়।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

আজ বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা

দেশের স্বাস্থ্য খাতের অভিযোজনে প্রয়োজন ১৪০ কোটি ডলার

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা