হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টিহীন দিনের পর আজও তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম ছড়াতে পারে

মিয়ানমারের স্থলভাগে গভীর নিম্নচাপ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বর্ষার শেষ সময়ে সোমবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড না হলেও মঙ্গলবার পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর আগে সোমবার ছিল চলতি বর্ষার বিরল বৃষ্টিহীন দিন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই দিন দেশের কোনো স্টেশনে বৃষ্টিপাত রেকর্ড হয়নি। একই সঙ্গে তাপমাত্রাও বেড়ে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় তীব্র ভ্যাপসা গরম অনুভূত হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চার জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যায়।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের মতে, বর্ষাকালে সারা দেশে একেবারেই বৃষ্টি না হওয়া খুব কম ঘটে। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের ওপরের বায়ুপ্রবাহের পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাতাস তুলনামূলক শুষ্ক হয়ে পড়ায় মেঘ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়নি। সোমবার দুপুরে আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৫২ শতাংশে নেমে আসায় গরমের অনুভূতিও বেড়ে যায়।

এদিকে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতোমধ্যে মিয়ানমারের স্থলভাগে ঢুকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটি কিয়াইক্তোর দক্ষিণ দিয়ে অতিক্রম করে এখন দেশটির অভ্যন্তরের দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি বাগো, ইয়াঙ্গুন, নেপিডো, ম্যাগওয়ে ও মান্দালয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মিয়ানমারের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি, কোথাও ভারি বর্ষণ ও দমকা হাওয়া হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গভীর নিম্নচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ দেখাতে বলেছে। তবে সিস্টেমটি স্থলভাগে উঠে বাংলাদেশের দিক থেকে দূরে সরে যাওয়ায় এর সরাসরি প্রভাব বড় ধরনের হওয়ার আশঙ্কা কম।

আগামীকাল বুধবারও চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। ফলে বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক স্বস্তি মিললেও দেশের বড় অংশে গরম ও ভ্যাপসা আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

বিরল দিনের সাক্ষী, কঠিন দিন পার করলো দেশবাসী

বৃষ্টি নিয়ে যে সংবাদ জানাল আবহাওয়া অফিস

সাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় আসছে?

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে গরম

নিম্নচাপ দুর্বল হয়ে স্থলভাগে, বৃষ্টি কমে ফিরছে ভ্যাপসা গরম

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

শেষ ধাপে শক্তি সঞ্চয় করতে পারেনি গভীর নিম্নচাপ

বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস যেসব এলাকায়

গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও দেশজুড়ে বৃষ্টি ঝরবে আরো দুই দিন

ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটলেও দেশজুড়ে বৃষ্টি ঝরবে