হোম > প্রকৃতি ও পরিবেশ

উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ

স্টাফ রিপোর্টার

চৈত্রের খরতাপ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ। আগের দিনের তুলনায় পরিধি বেড়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আগামী রোববার নাগাদ এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

এছাড়া চলতি মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। এ সময় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

শুক্রবার বেলা ৩টার দিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, গতকালের চেয়ে আজ পরিধি বেড়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

তিনি জানান, আজ শুক্রবার খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলো ছাড়াও টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে। তবে ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় এবার তাপপ্রবাহ কিছুটা কম থাকতে পারে।

তিনি বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহ বয়ে গেলেও ওই দুই বছরের ন্যায় এবার তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিনে তাপমাত্রা আরো বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা আরো বিস্তার লাভ করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, আগামী রোববার পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা বেড়ে আরো গরম বাড়তে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এ সময় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া খুলনার মোংলায় ৩৮, রাজশাহীতে ৩৭ দশমিক ৫, সিরাগগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৮, পাবনার ইশ্বরদীতে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের তাপমাত্রার রেকর্ড বিকেল ৪টার পর জানা যাবে বলে সংস্থাটির আবহাওয়াবিদ নাজমুল হক জানান।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

বৃষ্টি কমে সারা দেশে তাপদাহের পূর্বাভাস, ভ্যাপসা গরম বাড়বে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়-বৃষ্টির আভাস

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৫ জেলায় বইতে পারে শক্তিশালী ঝড়

রাজধানীতে বাড়তে পারে গরম, আবহাওয়া থাকবে শুষ্ক

১৯ জেলায় শক্তিশালী ঝড়ের আভাস

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

শক্তিশালী কালবৈশাখীর আভাস, ঝুঁকিতে ১৬ জেলা