হোম > প্রকৃতি ও পরিবেশ

‘দেরি মানেই মৃত্যু’: জীবাশ্ম জ্বালানিতে আটকে কপ৩১, ক্ষুব্ধ তরুণেরা

এফ আই মাসউদ

ছবি: সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) রোববার (২২ নভেম্বর) শেষ হয়েছে মূল রাজনৈতিক চুক্তিতে কোনো ঐকমত্য ছাড়াই। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ৪৪ ঘণ্টার বেশি আলোচনা চলেছে। তবু জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার কোন ভাষায় লেখা হবে, সে বিষয়ে দেশগুলো একমত হতে পারেনি। তবে ন্যায্য রূপান্তর নিয়ে আলাদা একটি সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি ও উৎপাদনব্যবস্থা বদলের সময় শ্রমিকের অধিকার ও জীবিকা সুরক্ষার বিষয়টি এর সঙ্গে জড়িত। সম্মেলনের এই ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান। তিনি বলেন, “দেরি মানেই মৃত্যু।” তাঁর মতে, কপ সম্মেলনে প্রতিশ্রুতি ভাঙার ফল ভোগ করছে ঝুঁকিপূর্ণ দেশগুলো। এতে তাদের অস্তিত্বই হুমকিতে পড়ছে।

ইইউর আপত্তি, তবে অর্থায়নে প্রশ্ন

সম্মেলনের শেষ অধিবেশনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষে কথা বলেন আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী ড্যারাগ ও’ব্রায়েন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি, অথচ খসড়ায় এর কোনো উল্লেখ নেই। তাই এমন খসড়াকে ‘আনতালিয়া চুক্তি’ হিসেবে সমর্থন দেবে না ইইউ। অন্যদিকে চুক্তিতে জীবাশ্ম জ্বালানির নাম রাখার বিরোধিতা করে সৌদি আরবসহ কয়েকটি দেশ।

আইরিশ উন্নয়ন সংস্থা ট্রোকেয়ারের জলবায়ু সুবিচারবিষয়ক উপদেষ্টা সিনেড লফরান খসড়া নিয়ে ইইউর আপত্তিকে যৌক্তিক বলে মেনেছেন। তবে অর্থায়নে জোটটির ভূমিকার সমালোচনাও করেছেন তিনি। তাঁর মতে, কপে নিজেদের কোন দায় নিয়ে সরব হবে, তা ইইউ বেছে নিচ্ছে। অথচ দুটি দায়িত্বই ইইউর। একটি হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে ন্যায্য উপায়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা। অন্যটি হলো ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদা অনুযায়ী অর্থায়ন করা।

জলবায়ু আন্দোলনের সংগঠক হারজিত সিং বলেন, অর্থায়নের প্রস্তাবে মূলত প্রক্রিয়ার কথাই বলা হয়েছে। সোহানুর রহমান জানতে চান, ঝুঁকিতে থাকা দেশগুলো কত অনুদান পাবে, কবে পাবে এবং কীভাবে পাবে। তিনি বলেন, “জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি দায়িত্ব।”

‘পেট্রোলিয়াম মাফিয়ার কাছে জিম্মি’

তেলশিল্পের প্রভাব নিয়ে কঠোর মন্তব্য করেন পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো। ১৮ নভেম্বর আনতালিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব এখন ‘পেট্রোলিয়াম মাফিয়ার কাছে জিম্মি’। তাঁর অভিযোগ, তেলশিল্পের কর্মকাণ্ডে প্রকৃতি ধ্বংস হচ্ছে, অথচ দেশগুলোকে বোঝানো হয়েছে যে এতে তাদেরই উপকার হচ্ছে।

জাতিসংঘের আলোচনার বাইরেও তেল, গ্যাস ও কয়লা থেকে ধাপে ধাপে সরে আসার জন্য আলাদা একটি আন্তর্জাতিক চুক্তি তৈরির উদ্যোগ চলছে। ‘ফসিল ফুয়েল নন-প্রোলিফারেশন ট্রিটি ইনিশিয়েটিভ’ আনতালিয়ায় জানিয়েছে, এই উদ্যোগে যুক্ত দেশের সংখ্যা এখন ৩০। সম্প্রতি যুক্ত হয়েছে ঘানা, কেনিয়া, পানামা, গুয়াতেমালা এবং সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস।

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার উপায় খুঁজতে গত এপ্রিলে কলম্বিয়ার সান্তা মার্তায় আরেকটি আলোচনা শুরু হয়। এর দ্বিতীয় সম্মেলনের আয়োজক টুভালু ও আয়ারল্যান্ড।

কৃষকের কাছে কতটা সহায়তা পৌঁছায়

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা কৃষকের কাছে সহায়তা কতটা পৌঁছায়, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মালাউইয়ের খাদ্যপ্রযুক্তিবিদ ব্রেন্ডা মওয়ালে। এ বিষয়ে তিনি আগেও লিখেছেন। তাঁর পর্যবেক্ষণ হলো, বিনিয়োগের সিদ্ধান্তে লাভের সম্ভাবনা বেশি গুরুত্ব পেলে সবচেয়ে বিপন্ন মানুষগুলোই সহায়তার বাইরে থেকে যায়।

সময়মতো সহায়তা পেলে কৃষকের জীবনে কী পরিবর্তন আসে, তার উদাহরণ মালাউইয়ের ফালোম্বে জেলা। বিশ্ব খাদ্য কর্মসূচির ২০২৪ সালের এক প্রতিবেদনে সেখানকার দুই কৃষকের অভিজ্ঞতা তুলে ধরা হয়। খরায় মার্থা কালুম্বির ভুট্টার ফসল নষ্ট হয়ে যায়। পরের মৌসুমে চাষের জন্য তিনি সৌরচালিত সেচব্যবস্থা চেয়েছিলেন। একই জেলার আরেক গ্রামের কৃষক সেকানাও মওয়ানালিরা আগেই এমন একটি সেচ প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। ফলে খরার মধ্যেও তাঁর জমিতে ভুট্টা, শাকসবজি ও টমেটো ফলেছিল।

জ্বালানি বদলের সিদ্ধান্তে শ্রমিকের জায়গা

আনতালিয়ায় দেশগুলো ন্যায্য রূপান্তরের একটি আন্তর্জাতিক ব্যবস্থা ধাপে ধাপে চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থা প্যারিস চুক্তির পক্ষভুক্ত দেশগুলোর কাছে জবাবদিহি করবে। এর কাজ ও পরিচালনপদ্ধতি নিয়ে ২০২৭ সালের জুনে সুপারিশ তৈরি করবে জাতিসংঘের জলবায়ু আলোচনার দুটি সহায়ক সংস্থা। পরে নভেম্বরের পরবর্তী সম্মেলনে সেই সুপারিশ সিদ্ধান্তের জন্য তোলা হবে। এ ছাড়া বিদ্যমান ন্যায্য রূপান্তর কর্মসূচির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স অন জাস্ট ট্রানজিশনের সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি ও উৎপাদনব্যবস্থা বদলের পরিকল্পনার শুরু থেকেই শ্রমিক ও ট্রেড ইউনিয়নকে সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করতে হবে। কাজ বদলে গেলে শ্রমিক কী প্রশিক্ষণ পাবেন এবং আয় কমে গেলে কী সামাজিক সুরক্ষা পাবেন, তা পরিকল্পনায় স্পষ্ট থাকতে হবে। অনানুষ্ঠানিক খাতের শ্রমিক এবং নারী ও তরুণ শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি।

বাংলাদেশে এই আলোচনার সঙ্গে কর্মক্ষেত্রের নিরাপত্তার প্রশ্নও যুক্ত। এর দুটি উদাহরণ হলো ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারি পুনর্ব্যবহারের কাজে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা এবং তীব্র তাপের মধ্যেও যাঁদের কাজ করতে হয়, তাঁদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।

পাহাড়ের দাবি, ভাটির উদ্বেগ

পাহাড়ি অঞ্চলের জলবায়ু সংকটকে কপ৩১-এর আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে আলাদাভাবে রাখার প্রস্তাব দিয়েছিল ভুটান ও নেপাল। প্রস্তাবটি গৃহীত হয়নি। এতে হতাশা জানিয়ে নেপালের তরুণ জলবায়ু অধিকারকর্মী উমেশ বালাল মাগার বলেন, “পাহাড়ি জনগোষ্ঠী আর অপেক্ষা করতে পারে না।” তিনি মনে করিয়ে দেন, পানি, খাদ্যনিরাপত্তা ও জীবিকার সূত্রে পাহাড়ের সঙ্গে ভাটির মানুষের সম্পর্ক জড়িয়ে আছে।

বান্দরবানের তরুণ পরিবেশকর্মী লিলিপ্রু মারমা সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর অভিজ্ঞতা তুলে ধরেন। সম্মেলনের ফলাফলে তিনিও হতাশ। আদিবাসী প্রতিনিধিরা নিজেদের ভূমি ও সামষ্টিক অধিকারের স্বীকৃতি দাবি করেছেন। তাঁরা চান, জীবন ও জীবিকায় প্রভাব ফেলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে পূর্ণ তথ্য জানানো হোক এবং স্বাধীনভাবে সম্মতি দেওয়ার সুযোগ দেওয়া হোক।

নারী অধিকারকর্মীরা জলবায়ু নীতি ও অর্থায়নের সিদ্ধান্তে নারীর নেতৃত্ব নিশ্চিত করার ওপর জোর দেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো সম্মেলনস্থলে প্রবেশাধিকারের পাশাপাশি আলোচনায় মত দেওয়া ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার সুযোগ চেয়েছে।

সিদ্ধান্তের দায় কার

কেয়ার প্যাভিলিয়নে ইয়ুথনেট গ্লোবাল ও মেনএনগেজ অ্যালায়েন্স আয়োজিত এক আলোচনায় সোহানুর রহমান জীবাশ্ম জ্বালানি ও রাজনৈতিক ক্ষমতার সম্পর্কের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “জীবাশ্ম জ্বালানি শুধু অর্থনৈতিক স্বার্থের বিষয় নয়। কিছু নেতা একে নিজেদের পরিচয়ের অংশ মনে করেন এবং সেই পরিচয় রক্ষায় মরিয়া থাকেন।”

সোহানুরের মতে, ক্ষমতাধর পুরুষদের সিদ্ধান্ত নারী, শিশু ও জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের ওপর যে প্রভাব ফেলে, তার দায় তাঁদেরই নিতে হবে। আলোচনায় তরুণদের ভূমিকার কথাও আসে। সম্মেলনে তোলা দাবিগুলো নীতি ও অর্থ বরাদ্দের সিদ্ধান্তে প্রতিফলিত হোক, এটাই তরুণদের চাওয়া।

পরবর্তী জলবায়ু সম্মেলন কপ৩২ অনুষ্ঠিত হবে ইথিওপিয়ার আদ্দিস আবাবায়। আনতালিয়ার দীর্ঘ দর-কষাকষি প্রসঙ্গে সোহানুর বলেন, “প্রতিটি বিলম্বের প্রভাব সম্মেলনকক্ষের বাইরের মানুষের জীবনেও পড়ে।”

কপ৩১ সম্মেলন শেষ হলো রাজনৈতিক সমঝোতা ছাড়াই

এবার শীত কেমন হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

৬ বিভাগে বৃষ্টির আভাস

জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ভেস্তে গেল বিশ্ব জলবায়ু সম্মেলন

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কাটছে, সমুদ্রবন্দরে সতর্কসংকেত নামানোর নির্দেশ

অক্টোবর-নভেম্বরেই কেন বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়

মাছ বাঁচলে বাঁচবে জলজ পরিবেশ, নিরাপদ হবে মানুষের পুষ্টি

আর কতদিন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

জানা গেল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সর্বশেষ অবস্থা

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল