দেশের কিছু কিছু জায়গায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি এবং কয়েকটি জেলায় ঝড় বয়ে যেতে পারে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) রোববার সকালে তাদের ফেসবুকে জানিয়েছে, দেশের কিছু কিছু স্থানে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। যার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোতে দিনে ও রাতে এক থেকে দুই দফা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি বিকেলের মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানের পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।