বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থানও এর সঙ্গে জড়িত। অথচ এই শিল্প সচল রাখার পেছনে যাদের শ্রম সবচেয়ে বেশি, তাদের জীবনমানের উন্নয়ন আজও উপেক্ষিত।
সরকারের নতুন জাতীয় বেতনকাঠামো ঘোষণার পর পোশাকশ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ নতুন করে প্রকাশ পেয়েছে। একদিকে এক শ্রেণির মানুষের আয় ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, অন্যদিকে একই বাজারে টিকে থাকার লড়াইয়ে থাকা শ্রমিকদের আয় অপরিবর্তিত থাকবে কেন?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। ২০২৬ সালের সেপ্টেম্বরে তা দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে। এমন পরিস্থিতিতে বাড়িভাড়া, খাদ্যপণ্য, পরিবহন, শিক্ষা ও চিকিৎসাব্যয়ের চাপ সামাল দেওয়া নিম্ন আয়ের মানুষের জন্য কঠিন হয়ে উঠছে।
বাংলাদেশের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্যের দাম বাড়ানোর প্রবণতা নতুন নয়। বাজার তদারকিতে দুর্বলতা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা এ সমস্যাকে আরো জটিল করে তুলেছে।
শ্রমিক অসন্তোষ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষার নামে লাঠিসোঁটা হাতে রাস্তায় নামাও উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয়। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভাঙচুর, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনাও আইনের আওতায় আনতে হবে।
বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে এবং তৈরি পোশাকশিল্পের অবস্থান ধরে রাখতে সরকার, মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত মজুরিকাঠামো নির্ধারণ করতে হবে। পাশাপাশি রেশনব্যবস্থা, আবাসন, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি। বাজারে সিন্ডিকেট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন।
শ্রমিকের জীবনমান উন্নত না করে তার কাছ থেকে সর্বোচ্চ উৎপাদনশীলতা প্রত্যাশা করা যেমন অবাস্তব, তেমনি শিল্পের সক্ষমতা বিবেচনা না করে মালিক পক্ষকে সংকটে ঠেলে দেওয়াও অর্থনীতির জন্য ক্ষতিকর। পোশাকশিল্প শুধু রপ্তানি আয়ের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে আছে লাখো শ্রমিকের জীবন, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন। যে হাত বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে, সেই হাতের মানুষগুলোর জীবনই যদি অনিশ্চয়তায় ডুবে থাকে, তাহলে অর্থনৈতিক অগ্রগতির সাফল্য শেষ পর্যন্ত কতটা অর্থবহ?
শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়