পবিত্র হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম, যা মুসলমানের জীবনে এক গভীর আধ্যাত্মিক ও অনন্য অভিজ্ঞতার নাম। প্রতিবছর বিশ্বের কোটি কোটি মুসলমানের মতো বাংলাদেশ থেকেও হাজারো ধর্মপ্রাণ মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান। এই বিশাল কর্মযজ্ঞকে সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা নিঃসন্দেহে একটি জটিল প্রশাসনিক চ্যালেঞ্জ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের অধীনে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় যে সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা ইতোমধ্যেই একটি সফল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সংস্কারের প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নানা অভিযোগ ও অনিয়মের কারণে সমালোচিত ছিল। হজ এজেন্সিগুলোর অনিয়ম, সময়মতো কার্যক্রম সম্পন্নে ব্যর্থতা, সেবার মানের ঘাটতি এবং সমন্বয়ের অভাব—এসব সমস্যা হজযাত্রীদের ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমন বাস্তবতায় ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হজ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার একটি সুস্পষ্ট বার্তা দেয়—হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অব্যবস্থাপনা বা দুর্নীতির সুযোগ থাকবে না এবং কোনো হজযাত্রী যেন বঞ্চিত না হন।
প্রশাসনিক দৃঢ়তা ও অনিয়ম প্রতিরোধ
হজ ব্যবস্থাপনার অন্যতম বড় অর্জন ছিল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ। অনিয়মে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে লাইসেন্স বাতিল, সতর্কবার্তা প্রদান এবং নজরদারি জোরদার করা হয়। ফলে এজেন্সিগুলোর মধ্যে জবাবদিহি নিশ্চিত হয় এবং সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে। এছাড়া, কোনো একক এজেন্সির ওপর নির্ভর না করে মন্ত্রণালয় নিজেই সার্বিক তদারকি গ্রহণ করে। এর ফলে প্রায় ৮৭ হাজার হজযাত্রীর হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ডিজিটাল রূপান্তর : ‘লাব্বাইক’ অ্যাপ
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করে। ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ চালুর মাধ্যমে আবেদন, নিবন্ধন, ফ্লাইট তথ্য, হজের সময়সূচি, চিকিৎসাসেবা এবং জরুরি সহায়তা—সবকিছুই সহজলভ্য করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে হজযাত্রীদের চলাচল, অবস্থান ও প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি নিশ্চিত হওয়ায় তাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। আধুনিক প্রযুক্তির এই প্রয়োগ ভবিষ্যৎ হজ ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
সেবার মানোন্নয়ন ও মানবিক উদ্যোগ
হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতি ৪৬ হজযাত্রীর জন্য একজন করে প্রশিক্ষিত গাইড নিয়োগ বাধ্যতামূলক করা হয়। মক্কা ও মদিনায় সার্বক্ষণিক সেবা টিম নিয়োজিত রাখা হয় এবং মেডিকেল সেন্টার স্থাপন করে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। এছাড়া, হারিয়ে যাওয়া হজযাত্রীদের খুঁজে বের করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। প্রায় ৮৯২ জন হারিয়ে যাওয়া হজযাত্রীকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি
অর্থনৈতিক স্বচ্ছতার ক্ষেত্রেও সরকার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারি প্যাকেজের উদ্বৃত্ত অর্থ হাজিদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত শুধু প্রশংসনীয়ই নয়, বরং এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। প্রায় ৮ কোটি ২৮ লাখ টাকার উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা সরকারের জবাবদিহির প্রতিফলন।
আন্তর্জাতিক সমন্বয় ও চ্যালেঞ্জ মোকাবিলা
হজ ব্যবস্থাপনা মূলত একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া, যেখানে সৌদি আরবের নীতিমালা অনুসরণ অপরিহার্য। ২০২৫ সালে সৌদি সরকারের নতুন নিয়মকানুন এবং কোটা নির্ধারণের মতো বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে, এজেন্সি-প্রতি ন্যূনতম হজযাত্রীর সংখ্যা ২০০০ নির্ধারণ করা হলে তা বাংলাদেশের জন্য সংকট সৃষ্টি করে। তবে কূটনৈতিক প্রচেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে এ সংখ্যা ১০০০-এ নামিয়ে আনা সম্ভব হয়। পাশাপাশি লিড এজেন্সি গঠনসহ অন্যান্য জটিল সমস্যাও সফলভাবে সমাধান করা হয়।
ব্যয় যৌক্তিকীকরণ ও বাস্তবতা
হজের খরচ কমানোর বিষয়ে সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকলেও বাস্তবতার সীমাবদ্ধতা ছিল। অধিকাংশ ব্যয় সৌদি সরকারের নির্ধারিত হওয়ায় দর-কষাকষির সুযোগ সীমিত। তবু বিমান ভাড়া কমানো এবং হোটেল ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার মাধ্যমে সরকার সাধারণ মানুষের জন্য হজকে কিছুটা সাশ্রয়ী করার চেষ্টা করেছে।
উদ্ভাবনী উদ্যোগ : প্রিপেইড কার্ড ও রোমিং সুবিধা
হজযাত্রীদের আর্থিক ও যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে প্রিপেইড কার্ড চালু করা হয়, যা নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়েছে। পাশাপাশি মোবাইল রোমিং প্যাকেজ চালুর ফলে হজযাত্রীরা সহজেই দেশের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছেন। এই উদ্যোগগুলো শুধু সেবার মান উন্নত করেনি, বরং আধুনিক ও নিরাপদ হজ ব্যবস্থাপনার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
সমন্বিত প্রয়াস ও টিম স্পিরিট
২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অন্যতম সাফল্যের পেছনে ছিল সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বিমান সংস্থা, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন একসঙ্গে কাজ করেছে। তৎকালীন সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের প্রোঅ্যাকটিভনেস, সম্ভাব্য সমস্যার পূর্বানুমান করে সমাধান দেওয়ার সক্ষমতা ও হজ শাখার কর্মকর্তাদের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং নিরলস পরিশ্রম এবং এ ব্যবস্থাপনাকে সফলতার দিকে নিয়ে গেছে।
সাফল্য, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ ভাবনা
নিঃসন্দেহে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য একটি মাইলফলক। স্বাধীনতার পর এ ধরনের সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা বিরল। তবে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি-বিচ্যুতি থেকেছে, যা ভবিষ্যতে আরো উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ প্রমাণ করেছে—দৃঢ় নেতৃত্ব, স্বচ্ছতা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সমন্বিত প্রয়াস থাকলে যেকোনো জটিল ব্যবস্থাপনাও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা শুধু একটি প্রশাসনিক সাফল্য নয়; এটি একটি মানবিক দায়িত্ব পালনের উজ্জ্বল উদাহরণ।
হাবের আন্তরিক সহযোগিতা
সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। এই প্রেক্ষাপটে হজ এজেন্সি অব বাংলাদেশের সভাপতি গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমদ মজুমদারের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা শুধু আনুষ্ঠানিক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমে সার্বিক সহায়তা দিয়েছেন। নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের বাস্তবায়ন—প্রতিটি ধাপে তাদের সহযোগিতা হজ ব্যবস্থাপনাকে আরো সমন্বিত ও গতিশীল করতে সহায়তা করেছে। জটিলতা নিরসন, সময়োপযোগী পরামর্শ প্রদান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ে তাদের সক্রিয় অংশগ্রহণ হজ ব্যবস্থাপনার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সাশ্রয়ী ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা
২০২৫ ও ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকার যে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশের হজ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে, হজের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসার দাবিদার। বর্তমান প্রেক্ষাপটে হজের ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জন্য এ ইবাদত পালন ক্রমেই কঠিন হয়ে উঠছিল। এই বাস্তবতা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে খরচ কমানোর উদ্যোগ নেয়। এর ফলে ২০২৬ সালের জন্য সর্বনিম্ন সরকারি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৪,৬৭,১৬৭ টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই সিদ্ধান্ত লাখো হজপ্রত্যাশীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। হজ ব্যয় কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিমান ভাড়া হ্রাস। ২০২৫ সালের হজে বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়েছে আর গত দুই বছরে এই হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার টাকা। যেহেতু মোট ব্যয়ের একটি বড় অংশই বিমান ভাড়া, তাই এই খাতে ব্যয় কমানো সরাসরি হজযাত্রীদের আর্থিক চাপ লাঘব করেছে।
এর পাশাপাশি ব্যবস্থাপনা ব্যয় সংকোচনেও সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা এবং প্রক্রিয়াকে আরো দক্ষ ও প্রযুক্তিনির্ভর করার ফলে সার্বিক ব্যয় নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এতে হজ ব্যবস্থাপনা যেমন গতিশীল হয়েছে, তেমনি জবাবদিহিও বৃদ্ধি পেয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো হজ এজেন্সিগুলোর অব্যবহৃত অর্থ ফেরত আনা । ২০২১ সাল থেকে সৌদি হজ মন্ত্রণালয়ে প্রায় প্রতিবছর ব্যয় নির্বাহের পর এজেন্সিগুলোর কিছু টাকা উদ্বৃত্ত থাকত। আমি সৌদি হজ মন্ত্রীকে ডিও লেটার দিয়ে এবং হজ চুক্তির সময় সামনাসামনি অনুরোধ করে ৯৯০টি এজেন্সির প্রায় ৩৮ কোটি ফেরত এনে এজেন্সিগুলোর অ্যাকাউন্টে জমা দিয়েছি। এই পুরো ব্যবস্থাপনার প্রতি জনআস্থা বৃদ্ধি করেছে।
সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত
এছাড়া সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্তও ব্যয় কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হয়েছে এবং হজ ব্যবস্থাপনায় সমতা ও ন্যায়পরায়ণতার নীতি আরো সুদৃঢ় হয়েছে। সামগ্রিকভাবে বলা যায়, অন্তর্বর্তী সরকারের এসব উদ্যোগ হজ ব্যবস্থাপনাকে আরো সাশ্রয়ী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলেছে। এর ফলে একদিকে যেমন সাধারণ হজযাত্রীরা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন, অন্যদিকে দীর্ঘদিনের অনিয়ম ও অদক্ষতার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার পথ সুগম হয়েছে।
২০২৫ সালের হজ ব্যবস্থাপনা ছিল বহুমাত্রিক চ্যালেঞ্জে পরিপূর্ণ। বিশেষ করে, লিড এজেন্সি গঠন, মক্কা ও মদিনায় হোটেল বা বাসাভাড়া নিশ্চিত করা, মিনা-আরাফায় তাঁবু ব্যবস্থাপনা, সৌদি পর্বের ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণ, বহিরাগতদের হজ ব্যবস্থাপনা টিমে অন্তর্ভুক্ত না করা, বিমানের ভাড়া হ্রাস, বাংলাদেশ বিমানের অতিরিক্ত যাত্রীদের অন্যান্য এয়ারলাইনসে স্থানান্তর এবং ফ্লাইনাস এয়ারলাইনসের পেমেন্ট-সংক্রান্ত আদালত মামলা—এসব বিষয় ছিল অত্যন্ত জটিল ও সংবেদনশীল। তবে প্রধান উপদেষ্টার সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও নেতৃত্বে এবং তত্ত্বাবধানে আমরা একটি শক্তিশালী টিম স্পিরিট নিয়ে এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।
উল্লেখযোগ্যভাবে, হজ ব্যবস্থাপনাকে আরো সহজ, সাবলীল ও নিরাপদ করতে ‘লাব্বাইক’ অ্যাপের উদ্ভাবন, হজযাত্রীদের জন্য ডেবিট কার্ড চালু করা এবং মোবাইল রোমিং সুবিধা প্রদান—এসব সময়োপযোগী উদ্যোগ ছিল প্রধান উপদেষ্টার দূরদর্শী চিন্তার প্রতিফলন। তিনি একবার আমার উদ্দেশে বলেছিলেন, ‘The whole Government is ready to help you, but no Haji will be left behind.’—এই প্রেরণাদায়ক নির্দেশনা সামনে রেখেই আমরা কাজ করেছি।
সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফলে, সামান্য কিছু ত্রুটি-বিচ্যুতি ছাড়া ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা ছিল এ যাবৎকালের অন্যতম সফল ও সেরা উদাহরণ। গত বছরের অনুসৃত গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) এ বছরও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরো উন্নত, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে—এমনই প্রত্যাশা।
২০২৬ সালের পবিত্র হজকে সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্য সামনে রেখে অন্তর্বর্তী সরকার নীরব কিন্তু কার্যকর প্রস্তুতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। দূরদর্শী পরিকল্পনা ও দায়িত্বশীল তৎপরতার মাধ্যমে হজ ব্যবস্থাপনার মৌলিক সব খুঁটিনাটি আগেভাগেই গুছিয়ে ফেলা হয়। বিমান ভাড়া যখন সাধারণের নাগালে নামিয়ে আনা হয়। মক্কা-মদিনার আবাসন, আরাফা-মিনার তাঁবু, পবিত্র ভূমিতে যাতায়াতের ব্যবস্থাপনা—সবকিছুই এক সুনিপুণ কারিগরের হাতে গড়া শিল্পকর্মের মতো সুসংহত হয়ে ওঠে। হজ গাইডদের অভিজ্ঞতা, চিকিৎসক দলের মমতা, প্রশাসনের দৃঢ়তা আর আইসিটি টিমের আধুনিকতা মিলেমিশে যেন সৃষ্টি করল সেবার এক অনন্য সিম্ফনি। কিন্তু ঠিক হজ চুক্তির দুয়ারপ্রান্তে এসে হঠাৎই নেমে এলো অনাকাঙ্ক্ষিত এক ছায়া। পূর্বাভাসহীন সিদ্ধান্তে সৌদি কর্তৃপক্ষ হাজিদের কোটা ৮০ হাজার থেকে কমিয়ে ৬০ হাজারে নামিয়ে আনে। এ যেন পূর্ণিমার আলোয় আচমকা মেঘের কালো আঁধার। কিছু অসাধু এজেন্সির অনিয়ম সেই মেঘেরই জন্মদাতা।
এই সংকটের ঘনঘোর অন্ধকারে আমরা থেমে থাকিনি। দায়িত্বের আহ্বানে সাড়া দিয়ে আমি, সচিব কামাল উদ্দিন এবং হজ উইংয়ের নিবেদিতপ্রাণ কর্মকর্তারা নেমে পড়ি এক অবিরাম প্রয়াসে। প্রবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার এবং এ দেশে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ যেন হয়ে উঠলেন এই প্রচেষ্টার সহযাত্রী। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে একের পর এক বৈঠক—প্রতিটি ছিল আশার প্রদীপ জ্বালানোর প্রয়াস। যুক্তি, কূটনীতি আর আন্তরিকতার মেলবন্ধনে অবশেষে সেই অন্ধকার কেটে যায়; কোটা ফিরে আসে তার পূর্ণতায়। এই পুনরুদ্ধার শুধু একটি প্রশাসনিক সাফল্য নয়, এটি ছিল বিশ্বাস, ধৈর্য ও সম্মিলিত প্রয়াসের এক জ্যোতির্ময় জয়গাথা। এরই আলোয় উদ্ভাসিত হয়ে ২০২৬ সালের হজযাত্রা এখন আরো সুগম, আরো সুশৃঙ্খল—একটি শান্ত, স্নিগ্ধ এবং পূর্ণতার পথে এগিয়ে চলা পবিত্র অভিযাত্রা।
লেখক : সাবেক উপদেষ্টা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, অন্তর্বর্তী সরকার
drkhalid09@gmail.com