হোম > মতামত > উপসম্পাদকীয়

রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক আবহ

মুহাম্মদ ইয়াহইয়া আখতার

ফাইল ছবি

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাংঘর্ষিক চরিত্রের কারণে স্বাধীনতাত্তোরকাল থেকেই দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তবে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্রমান্বয়ে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। মনে রাখা দরকার, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় ধীরে, রাতারাতি নয়। রাজনৈতিক সংস্কৃতির বর্তমান পরিবর্তনের ধারা উপলব্ধি করতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে।

পাকিস্তানি অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ওই সময়ের রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, সহমর্মিতা ও ঐকমত্য তৈরি করতে ব্যর্থ হয়। ভিন্নমতকে সহ্য করার পরিবর্তে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির পথ রুদ্ধ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দল ও মতের মানুষের অংশগ্রহণে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও শুধু সরকারি দল স্বাধীনতার সুফল ভোগ করে। ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের ব্যাপক জয়ের নিশ্চয়তা থাকা সত্ত্বেও ওই নির্বাচনে অকারণে দুর্নীতির আশ্রয় নিয়ে কতিপয় বিরোধীদলীয় নেতার বিজয় রুখে দেওয়া হয়। সরকারদলীয় নেতাদের ত্রাণ চুরি, দুর্নীতি ও আর্থিক লুটপাটকে বিচারের আওতায় না এনে আইনের শাসন ভূলুণ্ঠিত করা হয়। আমলাতন্ত্র, সেনাবাহিনী, এমনকি দলের মধ্যেও শৃঙ্খলার পরিবর্তে বিভক্তি ছড়িয়ে পড়ে। সামাজিক নৈরাজ্য ও রাজনৈতিক বিশৃঙ্খলা আয়ত্তে রাখতে না পেরে রক্ষীবাহিনী গঠন করায় সেনাবাহিনীতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। উদীয়মান জাসদের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার জাসদ কর্মীকে রক্ষীবাহিনী গ্রেপ্তার, নির্যাতন ও হত্যা করে। শেখ মুজিব একপর্যায়ে গণতন্ত্রকে কবরস্থ করে একদলীয় ‘বাকশাল’ গঠন করেন। পরবর্তীকালে তার মর্মান্তিক জীবনাবসানের মধ্য দিয়ে দেশ দীর্ঘমেয়াদি সামরিক শাসনাধীন হয়। সাড়ে তিন বছরের মুজিব শাসনকালে রাজনৈতিক সংস্কৃতিতে সন্ত্রাস, খুন, বিচারহীনতা, বিভক্তি, কারচুপিসহ বিভিন্ন নেতিবাচক বৈশিষ্ট্য যুক্ত হয়।

পরবর্তীকালে সামরিক শাসক হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিখাদ দেশপ্রেম, ব্যক্তিগত সততা এবং যোগ্য লোকদের রাজনীতিতে এনে কাজে লাগানোর কারণে রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির চর্চা হ্রাস পায়। তবে এ ধারা প্রেসিডেন্ট এরশাদের সময় আবার ভিন্ন খাতে প্রবাহিত হয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এরশাদের বিরুদ্ধে আন্দোলনকারী অনেক নেতাই ছিলেন এরশাদের কাছে বিক্রি হওয়া পোষমানা বিরোধী দলের সদস্য। তাদের অনেকে দিনের বেলায় বায়তুল মোকাররমে এরশাদের বিরুদ্ধে মিছিল করে রাতে তার সঙ্গে বঙ্গভবনে দেখা করতেন। এভাবে শেখ হাসিনাকেও তিনি গোপন আঁতাতের মাধ্যমে লং ড্রাইভে নিয়ে যেতে এবং ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করাতে সমর্থ হন। তবে অনেক ছলাকলা করেও তিনি খালেদা জিয়াকে করায়ত্ত করতে পারেননি। এ সময় রাজনৈতিক সংস্কৃতিতে ষড়যন্ত্র, গোপন আঁতাত, দুর্নীতি প্রভৃতি নৈমিত্তিক চর্চায় পরিণত হয়। সামরিক সরকারের অবসানের পর বেসামরিক শাসনামলে খালেদা জিয়া ও শেখ হাসিনার আমলে রাজনীতিতে প্রতিহিংসা ও সংঘাত বাড়ে। তবে পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ায় ওই নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায়।

অদৃশ্য কারচুপির মাধ্যমে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একনাগাড়ে ১৫ বছর দেশ শাসন করে। আওয়ামী লীগ ঘরানার কিছু বুদ্ধিজীবী এ নির্বাচনকে ভালো নির্বাচনের তালিকাভুক্ত করার ব্যর্থ চেষ্টা করেন। কিন্তু অদৃশ্য কারচুপির এ নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনগুলোয় বিভিন্ন রকম কারচুপির আশ্রয় নিয়ে নির্বাচনব্যবস্থার ওপর নাগরিকদের আস্থা ধ্বংস করে দেয়। নবম সংসদ নির্বাচনে ভোট পড়ার হার ৮৭.৬০ শতাংশ হলেও ‘না’ ও ‘বাতিল’ ভোট অন্যায়ভাবে বাদ দিয়ে নির্বাচন কমিশন তা দেখায় ৮৬.৩৪ শতাংশ। পৃথিবীর কোনো নির্বাচন গবেষকই সংসদ নির্বাচনে এ অবিশ্বাস্য ভোট পড়ার হার বিশ্বাস করবেন না। এরপর থেকে একেক নির্বাচনে একেক রকম কারচুপি করে হাসিনা আমলে রাজনৈতিক সংস্কৃতিতে অসততা, দুর্নীতি ও কারচুপিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। বিরোধী দলগুলোকে মিছিল-মিটিং করতে বাধা দেওয়া নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক সংস্কৃতিতে গ্রেপ্তার, নির্যাতন, খুন, গুম ও জুলুমের চর্চা চলতে থাকে। বিএনপির বড় নেতাদের বিরুদ্ধে শত শত মামলা করা হয়। মামলা-হামলায় সেঞ্চুরি করা বিএনপি নেতার সংখ্যা বাড়ে।

এ সময় বিরোধী আন্দোলন দমন করতে সরকারি দলের ছাত্রসংগঠনকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। এদের অনেকে হেলমেট ও পুলিশের পোশাক পরে রাজনৈতিক বিরোধিতা দমনে পুলিশকে সহায়তা করে। নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের চর্চার কথা পত্রপত্রিকায় প্রকাশিত হয়। এর সঙ্গে শিক্ষাঙ্গনে দখলদারত্বের সংস্কৃতির পাশাপাশি হলে হলে টর্চার সেল গড়ে ওঠে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরণ ও সিটবাণিজ্য ছাত্রনেতাদের নিয়মিত ব্যবসায় পরিণত হয়। শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির চর্চা বৃদ্ধি পাওয়ায় লেখাপড়া ও গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে যেতে থাকে। হাসিনা আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সরকারদলীয় সভায় সামনের সারিতে বসে থাকতে দেখা যায়। এর মধ্যে একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারদলীয় যুব সংগঠনের চেয়ারম্যানের পদ পেতে আগ্রহ প্রকাশ করেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শিক্ষাঙ্গন ধ্বংসের কিনারে উপনীত হয়। সবকিছু মিলিয়ে হাসিনা আমলে রাজনৈতিক সংস্কৃতির অসুস্থতা প্রকট আকার ধারণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের হাল ধরলে রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিহিংসার রাজনীতি হ্রাস পায়। রাষ্ট্র মেরামতের জন্য যোগ্য ব্যক্তিদের নিয়ে ডজনাধিক সংস্কার কমিশন গঠন করা হয়। এসব কমিশন অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাব তৈরি করে। পরে দলগুলোর সম্মতিতে জুলাই সনদ রচিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি সুস্থ হয়ে ওঠেনি। তবে বিএনপি সরকার গঠনের পর রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার কারণে এ ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন সূচিত হয়। বিএনপি সরকার গঠন করে প্রতিহিংসার রাজনীতি না করার প্রতিশ্রুতি দিলেও ১৫-১৬ বছর যারা সরকারি দলের নির্যাতনের শিকার হয়েছেন, খুন ও গুমের শিকার হয়েছেন, তাদের কেউ কেউ আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে গ্রামগঞ্জে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটান। তবে সরকারের পক্ষ থেকে তাদের নিবৃত্ত করার উদ্যোগ নেওয়া হয়। নতুন সরকার সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে চেষ্টা করেও পুরোপুরি সফল হতে পারেনি। এর অন্যতম প্রধান কারণ আমলাতন্ত্র ও পুলিশের নিষ্ক্রিয়তা। গত ১৫ বছরে নিয়োগ পাওয়া পুলিশ বাহিনী আগে যেভাবে কাজ করেছে, হঠাৎ করে সেখান থেকে পেশাদার আচরণ শুরু করতে পারেনি। তবে প্রধানমন্ত্রী দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের বারবার সতর্ক করেছেন। স্মর্তব্য, দুর্নীতিগ্রস্ত পুলিশ বাহিনী ও আমলাতন্ত্রে রাতারাতি সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। সন্ত্রাস ও চাঁদাবাজি দমন করে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচকতা আনতে হলে সরকারকে নতুন করে মেধার ভিত্তিতে এসব প্রতিষ্ঠানসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় দেশপ্রেমিক লোকবল নিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রীর একার ইচ্ছা থাকলেই সন্ত্রাস পরিস্থিতির উন্নতি হবে না। এ ক্ষেত্রে তার ঘনিষ্ঠ সহযোগী, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা সক্রিয় হয়ে গঠনমূলক ভূমিকা পালন করলে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক মাত্রা যুক্ত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস দমনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়ে শান্ত মেজাজে ও ঠান্ডা মাথায় সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ঘটে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাস মোকাবিলা করছেন। সন্ত্রাস দমনে শেখ হাসিনার মতো গুলি চালানোর নির্দেশ না দিয়ে বা কঠোর অবস্থান না নিয়ে তিনি আইনি প্রক্রিয়া মেনে এ পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করছেন। ভারত থেকে শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের উসকানিতে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় গা ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যে ঝটিকা মিছিল, থানায় আক্রমণ ও যানবাহনে অগ্নিসংযোগ করেছেন, তাতে অনেকেই মনে করেছিলেন, এ নাশকতা দমনে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে যাবেন। কিন্তু প্রধানমন্ত্রী ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে আইনি প্রক্রিয়া মেনে পরিস্থিতি মোকাবিলা করে রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার পরিবর্তে সহনশীলতার চর্চা করেছেন। তিনি বেসামরিক ও পুলিশ প্রশাসনে রদবদল করে এবং তাদের সক্রিয় হওয়ার প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। আওয়ামী লীগ থেকে হয়তো ভাবা হয়েছিল, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে প্রধানমন্ত্রী বিপদে পড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে প্রধানমন্ত্রী এতটা কাঁচা খেলোয়াড় নন। তিনি আওয়ামী লীগের ফাঁদে পা না দিয়ে বিকল্প ব্যবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেছেন।

পরিস্থিতি আরো সফলভাবে মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী একান্তে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ, সরকার ও বিরোধী দল একসঙ্গে থাকলে আওয়ামী লীগের পক্ষে নাশকতা করে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা সফল করা সম্ভব হবে না। কাজেই প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করার ঘটনাটি পলাতক আওয়ামী লীগের নীতিনির্ধারক মহলকে হতাশ করেছে। সন্ত্রাস দমন থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে সরকারি ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া থাকলে অগ্নিসন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের পক্ষে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা সম্ভব হবে না। রাজনৈতিক সংস্কৃতিতে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ উদ্যোগকে সাধুবাদ জানানো যায়। এমন ঐক্যের স্বরূপ কেমন হবে, তা রাজনৈতিক নেতাদেরই ঠিক করতে হবে।

সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের আগে, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীর কিছু কাজ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচকতা যোগ করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, তার স্বাভাবিক ও সাধারণ যান চলাচলের সঙ্গে তাল মিলিয়ে রাস্তাঘাটে চলাফেরা, সাধারণ অনাড়ম্বর পোশাক এবং গাড়িবহরে গাড়ির সংখ্যা কমানোর কাজগুলো জনগণ পছন্দ করছেন। জাতিসংঘসহ বিদেশের যেকোনো সফরে আগের প্রধানমন্ত্রীদের মতো বিশালসংখ্যক লোকজন না নিয়ে স্বল্পসংখ্যক সঙ্গীসহ সফর করার ব্যাপারটিও জননন্দিত হয়েছে। দেশ থেকে বিদেশে যাওয়া এবং বিদেশ থেকে দেশে আসার সময় বিমানবন্দরে আগের সরকারপ্রধানদের মতো প্রায় পুরো মন্ত্রিসভার সদস্যদের হাজির হয়ে ভিড় করা বন্ধ করে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় লোকজন ছাড়া আর মাত্র কয়েকজনকে বিমানবন্দরে হাজির রাখার ঘটনাও রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচকতা হিসেবে গণ্য হচ্ছে। প্রধানমন্ত্রী নিজের আত্মসম্মানবোধ বজায় রেখে বিমসটেক সম্মেলনে যোগ না দিয়ে যে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তাও প্রশংসিত হয়েছে। যেকোনো অনুষ্ঠানে সবার সঙ্গে মিশে আন্তরিকতার সঙ্গে কুশলবিনিময় করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিশু-কিশোরদের সঙ্গে মিশে আলাপচারিতায় অংশ নেওয়াও প্রশংসিত হচ্ছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের সূচনা এবং প্রধানমন্ত্রীর নিজের জন্মদিনে ঘটা করে অনুষ্ঠান না করে জুমার নামাজের পর শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণের ঘটনাও দেশপ্রেমিকদের খুশি করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন এবং সংস্কারমূলক কর্মসূচিগুলোর দিকে মনোযোগী হওয়াও ইতিবাচকতার লক্ষণ। তবে সংবিধান সংস্কার থেকে সংবিধান সংশোধনের পথে এসে বিএনপি জুলাই সনদের বিষয়টি মাথায় রেখে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে যদি জাতীয় স্বার্থে প্রয়োজনীয় রাষ্ট্র মেরামতের কাজটি করতে পারে, তাহলে তা হবে দলটির জন্য বড় অর্জন। প্রধানমন্ত্রী অনেকটা রাষ্ট্রপতি জিয়ার মতো যে ভঙ্গিমায় কাজ করছেন, তা অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্রমান্বয়ে প্রতিহিংসা হ্রাস পেয়ে সহমর্মিতা যুক্ত হবে। রাজনৈতিক সংস্কৃতিতে যুক্ত হবে নতুন সুস্থতা ও ব্যতিক্রমী ইতিবাচকতা।

লেখক: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মাঠে সন্ত্রাস গোঁফে তেল

বিএনপির সামনে জুলাই সনদের পরীক্ষা

শেকৃবি হোক নগর কৃষি গবেষণা কেন্দ্র

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

গোপালগঞ্জের সংকেত ও জাতীয় ঐক্য

দুর্গম পাহাড়ে রাষ্ট্রের পদচিহ্ন আরো গভীর হোক

রোহিঙ্গা মামলার রায়ে ইসরাইলের ডর

বিলীন ঢাকার পুকুর-জলাশয়

টেকসই মৎস্যসম্পদ, সমৃদ্ধ অর্থনীতি

রূপান্তর-নেতৃত্বের চ্যালেঞ্জ