হোম > মতামত > উপসম্পাদকীয়

সন্ত্রাসের পথে হাঁটছে আওয়ামী লীগ

এলাহী নেওয়াজ খান

ছবি: আমার দেশ

সম্প্রতি গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড কার্যত দলটির অস্তিত্ব প্রমাণের মরিয়া প্রচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে। আবার অনেক রাজনৈতিক বিশ্লেষক এটিকে আওয়ামী লীগের রাজনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন। কেউ কেউ বলছেন, দলটি কোণঠাসা হয়ে পড়ে অস্তিত্ব প্রমাণ করতে সাংবিধানিক রাজনীতি পরিহার করে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে পুরোনো দল হিসেবে এ ধরনের পদক্ষেপ খুবই দুর্ভাগ্যজনক। কারণ, দলটি গণতন্ত্র ও সাংবিধানিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু কালক্রমে দলটির ফ্যাসিবাদী সংগঠনে পরিণত হওয়া এবং বর্তমানে আরো বেশি সন্ত্রাসবাদী হয়ে ওঠার প্রবণতায় দলটির ভেতরেই অস্বস্তি দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ গোপালগঞ্জ ছাড়াও সারা দেশে গেরিলা কায়দায় নাশকতা চালিয়ে যে সন্ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা করছে, তার প্রথম লক্ষ্য মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে বাধা সৃষ্টি করা। দ্বিতীয়ত, নৈরাজ্যকে গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে যাওয়া, যার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের পছন্দের দৃষ্টান্ত হচ্ছে আফগানিস্তানের কমিউনিস্ট নেতা বারবাক কারমালের ঘটনা। তিনি সোভিয়েত ইউনিয়নে আশ্রয় নিয়েছিলেন এবং ১৯৭৯ সালে সোভিয়েত সামরিক বাহিনীর সহায়তা নিয়ে আফগানিস্তানে প্রবেশ করে প্রেসিডেন্ট হন। যদিও দালাই লামা দলবল নিয়ে ভারতে আশ্রয় নিলেও ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় তিব্বতে ফিরে যেতে পারেননি।

যাহোক, আওয়ামী লীগের তৃতীয় লক্ষ্য হচ্ছে, সন্ত্রাসের মাধ্যমে এমন আতঙ্ক সৃষ্টি করা, যাতে জনগণ মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় না যাওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরবে না। এই কৌশল তারা ৯৬ সালের আন্দোলনে ভালোভাবেই প্রয়োগ করেছিল। কারণ, সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আতঙ্কিত মানুষ সন্ত্রাসের ভয়ে একেবারে গুটিয়ে যেতে পারে। যদিও সেই সময়ের আন্দোলনের ধরন ও দাবি-দাওয়া ছিল রাজনৈতিক। কিন্তু এখনকার পরিবেশ ও পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কারণ, আওয়ামী লীগ নেতারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে নির্দেশ দিয়ে নাশকতা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে, যা সাংবিধানিক রাজনীতিবহির্ভূত কর্মকাণ্ড। সে কারণে এ ধরনের তৎপরতা দীর্ঘদিন চালিয়ে যাওয়া অসম্ভব হবে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ সমতল ভূমিতে গেরিলা কায়দায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দীর্ঘদিন চালানো সম্ভব নয়। কারণ, এখানে পাশাপাশি বসবাসকারী সবাই একে অন্যকে চেনেন। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালানোও দুরূহ। এ রকম পরিস্থিতিতে কোনো এলাকায় নতুন কাউকে দেখলে মানুষ সন্দেহ করতে পারে। এছাড়া বর্তমানে প্রযুক্তির ব্যাপক উন্নতির কারণে এ ধরনের তৎপরতায় জড়িত ব্যক্তিরা সহজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়তে পারেন।

এখানে উল্লেখ করতে হয়, অতীতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি ও জাসদের গণবাহিনীর মতো আন্ডারগ্রাউন্ড সংগঠনগুলো গেরিলা পদ্ধতিতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের অপচেষ্টা করেছিল। কিন্তু সেসব সংগঠন শেষ পর্যন্ত টিকতে পারেনি, বরং বিলীন হয়ে গেছে। এমনকি আওয়ামী লীগ নেতৃত্বও জানে, কীভাবে এ ধরনের তৎপরতা দমন করা যায়। কারণ, ৯৬ সালের মেয়াদে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নিজেই এ ধরনের তৎপরতা দমনের কাজ করেছিল।

আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, ২৪-এর জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে পুলিশ বাহিনীতে মনোবলের সংকট সৃষ্টি হলেও সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের সংকট মোকাবিলায় যথেষ্ট সক্ষম। অতীতে তা বারবার প্রমাণিত হয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময়ও তা দেখা গেছে। লেখকের মতে, যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী সরকারের পক্ষ ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন বা বিপ্লব সফল হওয়ার সম্ভাবনা নেই।

পৃথিবীর ইতিহাসে সফল বিপ্লবগুলোর ক্ষেত্রে দেখা গেছে, জাতীয় সেনাবাহিনী সরকারের পক্ষ ত্যাগ করার পরই শুধু বিপ্লব সফল হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বিপ্লবগুলোর একটি হচ্ছে ফরাসি বিপ্লব। সেই বিপ্লবের ক্ষেত্রেও দেখা যায়, রাজা ষোড়শ লুই বিপ্লব দমনের জন্য প্যারিসে ব্যাপকভাবে সৈন্য মোতায়েন করলেও সৈন্যরা জনগণের ওপর গুলি চালাতে অস্বীকার করে। শুধু তা-ই নয়, শেষ পর্যন্ত রাজার সৈন্যরা বাস্তিল দুর্গের পতনে জনগণকে সহায়তা করেছিল। লেখকের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও ছিল অনুরূপ।

আরো একটি বিষয় হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে ভারতের মদতপুষ্ট সশস্ত্র শান্তিবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমাদের সেনাবাহিনীর। অর্থাৎ দীর্ঘদিন ধরে বিদ্রোহ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা অন্য যেকোনো দেশের তুলনায় কম নয়। আজ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশকে অস্থিতিশীল করতে যে নাশকতা চালানো হচ্ছে, তার নির্দেশ প্রকাশ্যেই আসছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ-সংক্রান্ত বক্তব্য ছড়িয়ে পড়েছে। এতে বোঝা যাচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের হাত সক্রিয়ভাবে কাজ করছে—এমন অভিযোগ উঠেছে। সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে প্রকাশ্যে নাশকতার নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে।

ভারতের এসব কর্মকাণ্ড নিয়ে অবিশ্বাসের একটি ঐতিহাসিক পটভূমিও রয়েছে বলে লেখক মনে করেন। আমরা দেখেছি, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ভারত কীভাবে আওয়ামী লীগের একদল তরুণ নেতাকর্মীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল। সেই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও বেশ কয়েকজন সৈনিক শহীদ হয়েছিলেন। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী বন্ধু ভারত পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধবিধ্বস্ত একটি স্বাধীন দেশের বিরুদ্ধে কীভাবে লড়াইয়ে যুক্ত করেছিল, তা-ও আলোচনায় এসেছে। এসব দৃষ্টান্ত থেকে লেখকের বক্তব্য, ভারত নিজের স্বার্থে প্রতিবেশী যেকোনো দেশের বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারে।

আমাদের সামনে রয়েছে সেই ইতিহাস, যেখানে দেখা যায়, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কীভাবে নিজের দেশকে অন্য দেশের সঙ্গে একীভূত করে সেই দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নিশ্চয়ই এই উপমহাদেশের মানুষ সিকিমের লেন্দুপ দর্জিকে কখনো ভুলবে না। তিনি রাজতন্ত্রশাসিত সিকিমের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু রাজা চোগিয়ালের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বৈরী। লেন্দুপ দর্জি রাজাকে সহ্য করতে পারতেন না। তাই রাজাকে উৎখাত করে একচ্ছত্র অধিপতি হওয়ার জন্য তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সখ্য গড়ে তোলেন। ইন্দিরা গান্ধীও এই সুযোগ কাজে লাগান। ভারতের গোয়েন্দা বাহিনী লেন্দুপ দর্জির সহায়তায় সিকিমে শক্তিশালী অবস্থান গড়ে তোলে। সবকিছু পাকাপোক্ত হওয়ার পর ১৯৭৫ সালের ১০ এপ্রিল সিকিমের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয় এবং ভারতের অঙ্গরাজ্য হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৭৫ সালের ১৬ মে আনুষ্ঠানিকভাবে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়।

এখানে উল্লেখ করতে হয়, লেন্দুপ দর্জি যখন নিজ দেশের স্বাধীনতার বিনিময়ে রাজাকে উৎখাত করতে দিল্লিতে যেতেন, তখন তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হতো। তিনি যখন-তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও অন্যান্য প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতেন। কিন্তু ভারতের সঙ্গে একীভূত হওয়ার পর তিনি কিছুদিন সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও অবসর নেওয়ার পর একজন ডেপুটি সেক্রেটারির সঙ্গেও দেখা করতে পারতেন না বলে কথিত আছে। বরং জীবনের শেষ দিকে তিনি সিকিমের বাইরে অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন।

লেখক: সিনিয়র সাংবাদিক

বাংলাদেশ ও ভারতে সংখ্যালঘু পরিস্থিতির তুলনামূলক চিত্র

যে ইতিহাস এড়িয়ে গেছেন সোনিয়া গান্ধী

বিচারহীন পুনর্মিলন নাকি দায়মুক্তির নতুন ছক

পরিবেশ রক্ষার নামে করপোরেট ধোঁকাবাজি

ঐতিহ্যের ডালা অপমানের বোঝা

জেন-জির জাগরণ ও ট্রয়ের ঘোড়ার সন্ধানে

অ্যালগরিদমের ফাঁদ থেকে সাবধান

আওয়ামী লীগের নির্বোধ আস্ফালন

রুগ্‌ণ ব্যাংকিং সেক্টর ও অর্থনীতির সংকট

দরকার মানবিক ও জনবান্ধব চিকিৎসাব্যবস্থা