হোম > পাঠকমেলা

গবিতে পাঠকমেলার যাত্রা শুরু

মাহিদুজ্জামান সিয়াম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জ্ঞানতাত্ত্বিক বিকাশ ও আত্মপরিচয় নির্মাণের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল ‘আমার দেশ পাঠকমেলা’। সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় পর্ষদের অনুমোদনে ২০২৬ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই তাত্ত্বিক ও সাংস্কৃতিক উদ্যোগের নেতৃত্বে এসেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক মাহিদুজ্জামান সিয়াম এবং বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী তাইয়্যেবা ফেরদৌসী রোজা।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সিয়াম ও সাধারণ সম্পাদক হিসেবে রোজা দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহসভাপতি মো. সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা আক্তার সোমা ও ফারাহ তাসনিম সাবা, সাংগঠনিক সম্পাদক রুবাই ইসলাম চয়ন, দপ্তর সম্পাদক সাইদ মো. নাজমুল হুদা রাহাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন শিহাব এবং অর্থ সম্পাদক হাসান মো. কামরুজ্জামান আলী।

​নারীদের অধিকার ও সামাজিক সুরক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে নাদিয়া ইসলাম এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে মো. আশিক মিয়া দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে জাকিয়া আক্তার নূপুর, মো. মুতাসিম বিল্লাহ সিয়াম শেখ, উম্মে সাবিয়া ওয়ালি, ফারদিন আরিয়ান শিহাব, মো. শাকিব জুলকারনাইন, মো. হামিদুল ইসলাম শাহেদ ও মো. তানভীর আহমেদ অন্তর্ভুক্ত হয়েছেন।

​সংগঠনটিকে বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা দিতে বিশ্ববিদ্যালয়ের চারজন জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান ড. মো. আলী আজম খান, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ক্লিনিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাবরিনা ফেরদৌস, আইন বিভাগের প্রভাষক কাওছার আহমেদ, ফার্মেসি বিভাগের প্রভাষক লুৎফুল হক স্মরণ এবং সাবেক শিক্ষার্থী ইভা আক্তার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

নবগঠিত কমিটির সভাপতি মাহিদুজ্জামান সিয়াম বলেন, ​‘আমরা কেবল একটি ছাত্র সংগঠন বা বই পড়ার ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করছি না; বরং গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা এক নতুন বুদ্ধিবৃত্তিক মানচিত্র আঁকতে চাই। আমাদের কাছে ‘পাঠ’ মানে স্রেফ তথ্য মুখস্থ করা নয়, বরং ইতিহাস ও সভ্যতাকে প্রশ্ন করার স্পর্ধা অর্জন করা। আমরা বিশ্বাস করি, একটি সমৃদ্ধ সমাজ গঠনের আগে একটি সুসংহত ‘বিপ্লবী চিন্তার বলয়’ তৈরি করা প্রয়োজন। আমার দেশ পাঠকমেলা সেই দায়বদ্ধতারই নাম, যা তরুণ প্রজন্মের মননে আত্মপরিচয় ও শোষণের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের শক্তি জোগাবে।’

​সাধারণ সম্পাদক তাইয়্যেবা ফেরদৌসী রোজা বলেন, ​‘শব্দ যখন চিন্তায় রূপ নেয়, তখনই তা সমাজ বদলের হাতিয়ার হয়ে ওঠে। গণ বিশ্ববিদ্যালয় শাখা পাঠকমেলা শিক্ষার্থীদের সামনে এমন এক মুক্ত বাতায়ন উন্মোচন করবে, যেখানে বিতর্ক নয় বিশ্লেষণ হবে আমাদের প্রধান শক্তি। আমরা প্রতিটি ঐতিহাসিক দিবস ও ঘটনাকে আবেগ কিংবা অভিযোগের ঊর্ধ্বে নিয়ে এসে একটি নির্মোহ সভ্যতাগত পাঠের আওতায় আনতে চাই। আমাদের লক্ষ্য ক্যাম্পাসে এমন এক তরুণ প্রজন্ম গড়ে তোলা, যারা কেবল ক্যারিয়ার সচেতন নয়, বরং নিজ ইতিহাসের প্রতি সমানভাবে দায়বদ্ধ।’

উল্লেখ্য, ‘আমার দেশ পাঠকমেলা’ একটি নির্দিষ্ট সভ্যতাগত দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত হয়। সংগঠনটি বিশ্বাস করে, বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা ও সমৃদ্ধ করাই এই প্রজন্মের মূল লক্ষ্য হওয়া উচিত। খুব শিগগিরই ক্যাম্পাসে বিশেষ সাহিত্য ও ইতিহাস পাঠের মাস এবং বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে শাখাটি পূর্ণ উদ্যমে কার্যক্রম শুরু করবে।

ইতিহাসের ছায়ায় তরুণ লেখকদের ইফতার

হাদির স্মরণে গ্রাফিতি

ইডেন কলেজে শাখা কমিটি গঠনের প্রস্তুতি

রাবি পাঠকমেলার ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হই

ভবিষ্যৎ বাংলাদেশ : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভাবনা

হাদির জন্য ভালোবাসা

বিজয় দিবসে ঢাকা আলিয়ায় পাঠচক্র ও দোয়া মাহফিল

হাদির সুস্থতা কামনায় রাজারহাটে ‘আমার দেশ পাঠক মেলা’র দোয়া

কবি নজরুল সরকারি কলেজের নতুন কমিটির পরিচিতি সভা