‘গণতন্ত্রের সৌন্দর্যই বিতর্ক’—এই প্রতিপাদ্যে আমার দেশ পাঠকমেলা নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘আমার দেশ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা’। গত ১৮ এপ্রিল শনিবার নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের হলরুমে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জেলার ছয়টি কলেজ অংশগ্রহণ করে। কলেজগুলো হলো—নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ, পলাশ থানা সেন্ট্রাল কলেজ, নরসিংদী পাবলিক কলেজ, নরসিংদী উদয়ন কলেজ, শিবপুর বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ ও রায়পুরা রহিমা হক চেতনা মহিলা কলেজ।
বেলা ১১টা থেকে বিতর্কের প্রথম পর্ব শুরু হয়। প্রথম পর্ব থেকে বাছাই শেষে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ, পলাশ থানা সেন্ট্রাল কলেজ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ ও উদয়ন কলেজ দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়। নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ ও পলাশ থানা সেন্ট্রাল কলেজ চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ জয়লাভ করে। চূড়ান্ত পর্বে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয় নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের নাবিলা খানম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রায়পুরা রহিমা হক চেতনা মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আলম কাঞ্চন।
পাঠকমেলা নরসিংদী জেলা শাখার আহ্বায়ক ও প্রিপারেটরি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম। পাঠকমেলার সদস্যসচিব ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের পরিচালক মুহাম্মদ আবদুল বাতেনের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন পাঠকমেলার উপদেষ্টা ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক কবি মুহিম মাহফুজ, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান, নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম প্রিন্স, আমার দেশ নরসিংদী জেলা প্রতিনিধি ও পাঠকমেলার উপদেষ্টা শরীফ ইকবাল রাসেল।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পিনাকল চার্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন, একই প্রতিষ্ঠানের বাংলা বিভাগীয় প্রধান মইনুল ইসলাম মীরু ও পাঠকমেলার সমন্বয়ক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম ও নরসিংদীর সন্তান জাহাঙ্গীর আলম শান্তকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভার আগে সব অতিথিকে দৈনিক আমার দেশের লাল-সবুজ রঙের উত্তরীয় পরিধানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
এ সময় প্রধান অতিথির আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম বলেন, ‘আমার দেশ শুরু থেকেই দেশের প্রতি ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই সংবাদ প্রকাশ করে যাচ্ছে। আমার দেশ এমন একটি পত্রিকা, যা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সঙ্গে আপস করে না। এটি তরুণ প্রজন্মকে উদ্যমী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।’
উদ্বোধনকালে পাঠকমেলার উপদেষ্টা ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান বলেন, ‘আমার দেশ সব শ্রেণি-পেশার মানুষের পত্রিকা। আইসিটি, সাহিত্য, নারী, ধর্ম, শিক্ষা ও খেলাধুলার খবরের পাশাপাশি দেশ ও দেশের মানুষের পক্ষে সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। আশা করি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে মাথা নত না করে সব সময় মাথা উঁচু করে দেশের কল্যাণে পত্রিকাটি এগিয়ে যাবে।’
আমার দেশের সাহিত্য সম্পাদক কবি মুহিম মাহফুজ বলেন, ‘এই সুন্দর তারুণ্যদীপ্ত বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য আমি পাঠকমেলা পরিবার এবং সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানাই। আমার দেশ তারুণ্যের কণ্ঠস্বর, বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী। দেশ ও জাতির উন্নয়নে আমার দেশ আগামীতেও এসব কল্যাণকাজে উদ্যোগী হতে আগ্রহী।’
আমার দেশ নরসিংদী পাঠকমেলার উপদেষ্টা শরীফ ইকবাল রাসেল বলেন, ‘আমার দেশ নরসিংদীকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তার ধারাবাহিকতায় আমার দেশ নরসিংদীতে পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে স্থান পেয়েছে।’
আলোচনা শেষে বিতর্কে অংশগ্রহণ নেওয়া সেরা বক্তা, চ্যাম্পিয়ন, রানারআপ ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।