সারা দেশে দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আমার দেশ পাঠকমেলা’ প্রতিনিয়ত কর্মসূচি বাস্তবায়ন করছে। ধারাবাহিক কার্যক্রম ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার সুনাম ছড়িয়ে পড়ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি একটি টিম অংশ নেয়।
ওই সভা আমার দেশ পাঠকমেলার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাংগঠনিক সম্পাদক আবু সালিম, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসেন জসি, এসইউ স্পোর্টস ক্লাবের সভাপতি কাজী আবু বক্কর জনিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পরিণত হয়েছে কার্যকর ও তাৎপর্যপূর্ণ একটি আয়োজনে। সভায় উপস্থিত সবাই আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী চিন্তাভাবনা প্রসারে পাঠকমেলার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
সভায় সাংগঠনিক সম্পাদক আবু সালিম বলেন, ‘আমার দেশ পাঠকমেলা একটি বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সংগঠন, যা আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী শিক্ষা ও চিন্তাচেতনা প্রচারের মাধ্যমে একটি মুক্ত ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক সচেতনতামূলক আন্দোলন, যেখানে পাঠাভ্যাস ও মননশীলতা গড়ে তোলা হয়।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই ছাত্ররা কেবল বইয়ের ভেতর সীমাবদ্ধ না থেকে সমাজ ও দেশের সংকট সম্পর্কে সচেতন হোক। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী এই পাঠ ও চিন্তানির্মাণ আমাদের যুবসমাজকে গড়ে তুলবে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে।’
সাংগঠনিক সম্পাদক আবু সালিম আরো জানান, ‘আমরা চাই সোনারগাঁও বিশ্ববিদ্যালয়েও পাঠকমেলার পাঠচক্র চালু করতে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত মিলিত হয়ে পাঠাভ্যাস ও চিন্তাশীলতা বৃদ্ধি করতে পারে। এ ছাড়া আমরা বিভিন্ন সামাজিক উদ্যোগেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করব।’
সভায় উপস্থিত শিক্ষার্থীরা পাঠকমেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ চিন্তার প্রসার ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষসাধনে আশাবাদী হয়েছেন। এসইউ স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসেন জসি বলেন, ‘আমার দেশ পাঠকমেলা আমাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিকাশে সাহায্য করবে এবং আমাদের সৃজনশীলতা বৃদ্ধি ও বহিঃপ্রকাশে সহায়তা করবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি এ ধরনের কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেকে আরো সমৃদ্ধ করুক।’
‘আমার দেশ পাঠকমেলা’ ইতোমধ্যে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠচক্র, আলোচনা সভা ও সামাজিক সচেতনতা কর্মসূচি পরিচালনা করছে। পাঠকমেলার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করে আসছে। বিশেষ করে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শিক্ষা ও চিন্তাধারা প্রসারে পাঠকমেলা এক অনন্য ভূমিকা পালন করছে।
পাঠকমেলার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু একাডেমিক জ্ঞান অর্জন করছে না, বরং সামাজিক দায়িত্ব ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করছে। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে তারা একটি মুক্ত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য পাঠকমেলার কার্যক্রমকে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন। তারা আশা প্রকাশ করছেন, এই পাঠকমেলার কার্যক্রম দেশের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এবং নতুন প্রজন্মকে স্বাধীন চিন্তা ও দেশপ্রেমিক করে গড়ে তুলবে।