আমার দেশ কার্যালয়ে গত ২৩ মে অনুষ্ঠিত হয়েছে আমার দেশ পাঠকমেলা কার্যনির্বাহী পর্ষদের প্রথম নির্বাহী সভা। ওই নির্বাহী সভায় সভাপতিত্ব করেন পাঠকমেলা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি সাজ্জাদ হোসাইন ইউনুস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমার দেশ পাঠকমেলা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সহসভাপতি আবু নাসের সিফাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. রাহাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব আজামাইন রিয়াদ, অর্থ সম্পাদক সাইদুল হাসানসহ পাঠকমেলা কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্য সদস্যরা।
সভায় পাঠকমেলার কার্যক্রমের সার্বিক অগ্রগতি, সপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা গ্রহণসহ সাংগঠনিক কাঠামো আরো সুদৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভাপতি সাজ্জাদ হোসাইন ইউনূস বলেন, ‘পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি একটি স্বপ্নের প্ল্যাটফর্ম, যেখানে পাঠক, লেখক ও সমাজ-সচেতন মানুষদের সম্মিলন ঘটে। আমাদের দায়িত্ব হলো এ প্ল্যাটফর্মকে আরো বেশি কার্যকর ও জনসম্পৃক্ত করা।’
সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম বলেন, ‘আমাদের কার্যক্রমে গুণগত মান ও সাংগঠনিক ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এর বিকল্প নেই।’
সাংগঠনিক সম্পাদক আবু সালিম বলেন, ‘নিয়মিত সভা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণই আমাদের শক্তি। পাঠকমেলাকে সারা দেশে ছড়িয়ে দিতে সাংগঠনিক শক্তিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে। এজন্য আমরা একটি সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছি।’
প্রথম নির্বাহী সভায় পাঠকমেলার কার্যক্রমকে গতিশীল করার জন্য কিছু সিদ্ধান্ত প্রণয়ন করা হয় এবং আলোচনা-পর্যালোচনা করা হয়। পাঠকমেলাকে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার জন্য এবং এর কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য জোনভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। এখানে প্রত্যেক কার্যনির্বাহী সদস্য তাদের দায়িত্বের ব্যাপারে সংগঠনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশনা মোতাবেক সংগঠনের জন্য একটি সুন্দর, সাবলীল ও সময়োপযোগী গঠনতন্ত্র প্রণয়নের জন্য উপ-কমিটি গঠিত হয়েছে। ওই কমিটি আগামী নির্বাহী সভায় খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করবে এবং পরবর্তী নির্বাহী সভায় আলোচনা-পর্যালোচনা সাপেক্ষে গঠনতন্ত্র চূড়ান্ত হবে।
এ ছাড়া প্রথম নির্বাহী সভায় পাঠকমেলার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের প্রস্তাবনা ও মতামত সুশৃঙ্খলভাবে প্রকাশ করেছেন। পাঠকমেলা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের প্রত্যাশা—ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী পাঠ ও চিন্তা নির্মাণে আমার দেশ পাঠকমেলা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশকে মুক্ত করে নিজস্ব সংস্কৃতিতে বলীয়ান হওয়ার পথনির্দেশ প্রদান করবে। সভা শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।