হোম > রাজনীতি

বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরো বেশি ব্যর্থ: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি দল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার গঠনের পর সেই ব্যর্থতা আরও বেড়েছে।

তিনি বলেন, রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে বিএনপি নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। এই ঐক্যের ফাটল মেরামতের প্রধান দায়িত্ব সরকারের।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে দীর্ঘ ১৫-১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, তা রক্ষার ওপর আমরা শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারের আমল থেকে নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক ফোরামে এ বিষয়ে কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সরকার হিসেবে আরও বেশি ব্যর্থ হয়েছে। তারা রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস তৈরি করেছে। কথায় কথায় মিত্রদের আক্রমণ করে নিজেদের জন্যই আত্মঘাতী পরিস্থিতি তৈরি করেছে।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান অনেক বিলম্বে এলেও আমরা তাকে স্বাগত জানাই। তবে বাংলাদেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে যে বিপুল জনমত দিয়েছে, সেই গণরায়কে সম্মান করতে হবে। নিজেদের অতীত ভূমিকা পর্যালোচনা করতে হবে। গণভোটের আগে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছেন। তাদের এই ভূমিকার কারণেই ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হয়েছে। অথচ কিছু ইসলামী রাজনৈতিক সংগঠনও যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিএনপির অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছে। এটি ছিল তাদের চরম আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট হলে তার অপমৃত্যু ঘটবে। তাই ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

সরকার ও বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষার সংগ্রামে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একচুল পরিমাণ পিছপা হব না। সরকার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষ কারও হাতে দেশের ভাগ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার নতুন জুলাই আসবে, আবার নতুন সংগ্রাম হবে।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।

বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতির প্রশ্নে অটল থাকতে হবে, তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখতে হবে। অন্য সংগঠনগুলোর প্রতি কটু ভাষা প্রয়োগ না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একটি বৃহত্তর ইসলামী শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের অর্জনকে নিজেদের লড়াই ও সংগ্রামের ফসল মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। এই অর্জনকে পূর্ণতা দিতে সংগঠনটি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

কেন্দ্রীয় সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম।

ডেটলাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আ.লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

আলী আহসান মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

মুফতি তাকি উসমানীর সফর নিশ্চিত করতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

হাসিনার জন্য দেশে দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: এটিএম আজহারুল

স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ জন গ্রেপ্তার