বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ ও হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মাওলানা মামুনুল হক বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান শত্রু ইসরাইল। ইসরাইলকে শক্তিশালী করে—এমন সব ধরনের কার্যক্রম থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিরত থাকতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় সংঘাতসংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, ছিনতাই, হামলা ও ভাঙচুরের মতো অপরাধের ঘটনা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিটি অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, মাওলানা কোরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি ও মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা উজাইর আমীন, মাওলানা হেদায়াতুল্লাহ হাদি, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নুর মুহাম্মাদ আজীজ ও সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ।
নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, মুফতি নূর হোসাইন নুরানি, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা নুর মোহাম্মাদ আজীজ, মাওলানা শাব্বির আহমাদ উসমানী, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক ও মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।