মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিকরা নিজেদের স্বার্থে মওলানা ভাসানীকে ব্যবহার করেছেন, কিন্তু তাঁর আদর্শ ধারণ করতে পারেননি। ‘ক্ষমতা না জনতা—জনতা, জনতা’ স্লোগান দেওয়া হলেও ভাসানীর সেই জনতার স্বার্থকে গুরুত্ব না দিয়ে বর্তমান রাজনীতিকদের একটি অংশ ভারতের সহযোগিতায় ক্ষমতায় যাওয়ার পেছনে ছুটছেন।
মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম ওফাত দিবস উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
মওলানা ভাসানীকে স্বাধীন বাংলার প্রকৃত স্বপ্নদ্রষ্টা আখ্যায়িত করে রাশেদ প্রধান বলেন, দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য মেনে নিতে না পেরে দূরদর্শী ভাসানী প্রথম প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন। তিনিই প্রথম স্বাধীনতার কথা বলেছিলেন এবং এ দেশের মানুষের মনে মুক্তির স্বপ্নের বীজ বপন করেছিলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতাযুদ্ধ শুরুর প্রাক্কালে মওলানা ভাসানী নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে পাকিস্তানে অবস্থান করেননি কিংবা পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেননি। এ কারণে শেখ মুজিবুর রহমান নন, বরং মওলানা আবদুল হামিদ খান ভাসানীকেই স্বাধীন বাংলার প্রকৃত স্বপ্নদ্রষ্টা বলে মনে করেন তিনি।
ভাসানীর ওফাত দিবস রাষ্ট্রীয়ভাবে যথাযথ আয়োজনের মাধ্যমে পালন না করার অভিযোগ তুলে রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের নতুন চেতনার কথা বলা বর্তমান বিএনপি সরকার মওলানা ভাসানীর ৫০তম ওফাত দিবস যে ব্যাপক আয়োজনে রাষ্ট্রীয়ভাবে পালন করার কথা ছিল, তা করেনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনকালে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।