তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশ আয়োজিত ‘তাহাফফুজে ফিকরে দেওবন্দ, বর্তমান প্রেক্ষাপট এবং জীবনস্বত রেখে হেবা আইন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, মুসলিম পারিবারিক আইন ও ইসলামী মিরাসব্যবস্থার মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বা বিধান মুসলিম সমাজের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, শরিয়াহসম্মত হেবা ব্যবস্থাকে বিকৃত বা সীমিত করার যেকোনো উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকতে হবে এবং কথিত ‘জীবনস্বত্ব হেবা’ সংক্রান্ত শরিয়তবিরোধী আইন বাতিল করতে হবে। ইসলামী শরিয়তে হেবা একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ণ বিধান। মুসলমানের সম্পত্তি হস্তান্তর, দান ও উত্তরাধিকারসংক্রান্ত বিষয়ে কুরআন-সুন্নাহ ও ফিকহের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। এসব বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন বা প্রয়োগ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার ও প্রচলিত পারিবারিক আইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
মঙ্গলবার রাজধানীর আফতাবনগর মাদ্রাসা মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব মুফতি হাফিজ উদ্দিনের পরিচালনায় এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি জাবের কাসেমী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি হেমায়েত উল্লাহ, মুফতি শফিকুল ইসলাম, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান কোববাদী, মুফতি সাঈদ আহমদ কলরব, মুফতি আবু যর, মুফতি ফয়সাল ওমর, মুফতি ওমর ফারুক কাসেমী প্রমুখ। প্রবন্ধ পাঠ করেন মাওলানা ইলিয়াস হোসাইন কাসেমী।
বক্তারা বলেন, ‘জীবনস্বত্ব হেবা’ নামে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে, যার মাধ্যমে শরিয়াহসম্মত হেবা কার্যকর হওয়ার মৌলিক শর্ত ও মালিকানার বিধান পরিবর্তিত বা অকার্যকর হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে সরকারকে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে শরিয়াহসম্মত সমাধান নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, বর্তমান সময়ে ফিকরে দেওবন্দ ও কওমি মাদ্রাসার শিক্ষা-ঐতিহ্যকে সংরক্ষণ করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ জন্য শুধু আলেম-উলামা নয়, কওমি মাদ্রাসা, বোর্ড, সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মুসলমান—সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তারা বলেন, বাতিল ফেরকা ও বিভ্রান্তিকর মতাদর্শ সম্পর্কে মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। একইসঙ্গে দরসে নিজামির মূল কাঠামো ও রুহ অক্ষুণ্ণ রেখে ইংরেজি ভাষা, প্রাথমিক তথ্যপ্রযুক্তি জ্ঞান ও সমসাময়িক বিষয়াবলির মতো যুগোপযোগী দক্ষতা সুচিন্তিতভাবে যুক্ত করতে হবে।
বক্তারা সরকারের প্রতি শরিয়তবিরোধী জীবনস্বত্ব হেবা আইন বাতিল, সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত বিষয়ে দেশের শীর্ষ আলেমদের মতামত গ্রহণ এবং কুরআন-সুন্নাহসম্মত আইন ও নীতিমালা নিশ্চিত করার জোর দাবি জানান।