হোম > রাজনীতি

১৭ বছরের অপেক্ষার নির্বাচনকে বিতর্কিত করা যাবে না

স্টাফ রিপোর্টার

১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের ‘সংহতি মিলনায়তনে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশন, ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাস্তানি, জবরদস্তি, জবরদখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই ১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। অতীতের মতো আগামী নির্বাচনও যদি বিতর্কিত হয় তাহলে পরবর্তী সংসদ ও সরকারও বিতর্কিত হবে, দেশে-বিদেশে সরকারের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে। তা যাতে না হয় তার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে হবে।

সারা দেশের যে বাস্তব পরিস্থিতি তা দেখে জনমনে এই নির্বাচন নিয়ে সংশয়, উদ্বেগ এবং আশঙ্কা ক্রমেই আরো বেড়ে চলেছে বলে মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার-প্রচারণা, সভা-সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘটিত হচ্ছে তা রীতিমতো আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত বহন করে। কোনো কোনো এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া চলেছে, গোলাগুলির মতো ঘটনাও ঘটে চলেছে। একেকজন প্রার্থী ইতোমধ্যে হাজার হাজার বিলবোর্ড, ফেস্টুন, নানা রঙের পোস্টার সেঁটে কোটি কোটি টাকাও খরচ করেছে। নানা রকম লোভ, প্রলোভন দেখিয়ে, অগ্রিম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করে ভোটের আগেই বেশুমার টাকা খরচ করে ফেলেছে। এই পরিস্থিতি চলতে থাকলে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

এসময় রাজনৈতিক দলগুলোর প্রতি রাজনৈতিক প্রতিযোগিতাকে কোনোভাবেই সহিংসতা আর জবরদখলের পর্যায়ে নিয়ে না যাওয়ার আহ্বান জানান সাইফুল হক।

আগামী ১২ ডিসেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়ন ফর্ম দেয়া শুরু হবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। তিনি জানান, পার্টির কেন্দ্রীয় দফতর থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নি শিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, কেন্দ্রীয় সদস্য রাশিদা আক্তার, সিকদার হারুন মাহমুদ, অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু প্রমুখ।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত