বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি-ভিডিও তৈরি এবং নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।
রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান রচিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিদেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে।
রুহুল কবির রিজভী সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তার সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন রিজভী। এসব ঘটনার উল্লেখ করে তিনি বলেন, গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।
তবে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, এত কিছুর পরও সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। বিগত শাসনামলে এ ধরনের ঘটনা ঘটলে ক্রসফায়ার বা রক্তপাতের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণাসংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তার বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।
প্রকাশিত গ্রন্থ সম্পর্কে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশব থেকে শাহাদাতবরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তার সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী অধ্যাপক হীরা সোবাহান পুরোনো পত্রিকার কাটিং, তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান যুক্ত করে গবেষণাধর্মী কাজটি করেছেন। এটি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া সংকটময় সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ঢাকায় এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় অধ্যাপক হীরা সোবাহানের সাহসিকতার প্রশংসা করেন রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।