হোম > রাজনীতি

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্থানে ছাত্র জমিয়তের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর, সিলেট, সুনামগঞ্জ ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন শাখায় এসব কর্মসূচি পালিত হয়।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতা প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচি থেকে জননিরাপত্তা নিশ্চিত করা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দ্রুত বিচার দাবি করা হয়।

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পশ্চিম শাখার উদ্যোগে রাজধানীতে পৃথক কর্মসূচি পালিত হয়। বিকেলে মহানগর পশ্চিম শাখার উদ্যোগে মিরপুর-১ নম্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি সালমান শিকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাইনুদ্দীন মানিক, ছাত্র জমিয়তের সহ-সভাপতি আব্দুল আজিজ ও আহমাদ আল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তকি এবং সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর শাখার কর্মসূচিতে ছাত্রনেতাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। তারা রাজপথে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান এবং স্লোগান সহকারে সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদ, সন্ত্রাস ও দমন-পীড়নের বিরুদ্ধে যে প্রত্যাশা তৈরি করেছে, তা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যায় না।

সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে সিলেট মহানগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় শিবগঞ্জের শাকিল কমিউনিটি সেন্টার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ।

পথসভায় আবু তালহা তোফায়েল বলেন, ফ্যাসিবাদী শক্তি আবারও দেশব্যাপী অস্থিতিশীলতা, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগসহ জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। তার মতে, রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সকল ছাত্র সংগঠনের ঐক্য থাকা প্রয়োজন। মিছিলে সংগঠনটির সাবেক ও বর্তমান শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলা শাখা বাদ জোহর শান্তিগঞ্জ বাজারে অবস্থান কর্মসূচি পালন করে। উপজেলা সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি কামরান হোসাইন, নির্বাহী সদস্য কাওসার আহমদ রাহিন, আবু সুফিয়ান ও আসআদসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরে বিকেল ৩টায় সুনামগঞ্জের ওয়েজখালীস্থ জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ওয়েজখালী পয়েন্ট, সুরমা সেতু ও পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। জেলা ছাত্র জমিয়তের সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ তালুকদার, সাহিত্য সম্পাদক সালিক বিন রফিক এবং দপ্তর সম্পাদক মুহিবুর রহমান।

সভাপতির বক্তব্যে সুহাইল আহমদ ইয়াহ্ইয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে এবং নিষিদ্ধ ছাত্রলীগ তাতে সমর্থন দিচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়নের দ্রুত বিচার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকারও দাবি জানান তিনি।

এদিকে পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের উদ্যোগেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক আহমাদ আল গাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ক্ষমা না চেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: সাইফুল হক

নাশকতার প্রতিবাদ ও বিজয়ের মাস ঘিরে ৪০ দিনের কর্মসূচি জামায়াতের

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির কর্মসূচি ঘোষণা

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

কৃষি ও কৃষক না বাঁচলে অর্থনীতি-সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়: সাইফুল হক

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

সমাজ সংস্কার ও অধিকার প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ তিতুমীর

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

আওয়ামী সন্ত্রাসীদেরকে তাদের ভাষায়ই জবাব দেবে ছাত্রদল: রাকিব