বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ে আলোচনা
বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমান।
রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়।
এ সময় হাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট যোগাযোগ বিভাগের পরিচালক জুকিফেরি বিন ইব্রাহিম।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উভয়পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বিশেষভাবে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অধিকহারে বৃত্তি প্রদান এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ ৭ সদস্য।