বিরোধী দল হিসেবে অতীতে বিএনপির ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অতীতে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়ে যারা রাস্তার বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আমাদের সমালোচনা করার নৈতিক অধিকার রাখে না।
শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন।
সারজিস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আজ বিকেলে জনাব তারেক রহমান মন্তব্য করেছেন—আমাদের এই বাংলাদেশে নাকি নতুন করে একটা দল আর কিছু মানুষ অরাজকতা শুরু করেছে! তাদেরকে নাকি প্রচলিত আইনের মধ্য দিয়ে মোকাবিলা করা হবে। তারেক রহমানকে আমরা বলতে চাই—আমরা অরাজকতা শুরু করি নাই।’
লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, ‘গ্যাসে লুটপাট, বিদ্যুতে লুটপাট, জ্বালানিতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মধ্য দিয়ে বিগত ছয় মাসেই তারা অরাজকতা শুরু করেছে।’
বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সারজিস আলম আরও বলেন, ‘যেই দল বালুর ট্রাক সরাতে পারে না, যেই দল বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল—সেই দলের পরামর্শের প্রয়োজন আমাদের নাই। বিগত ১৬ বছর যারা বিভিন্নভাবে ভয় দেখিয়ে, আইনের মাধ্যমে মোকাবিলা করার চেষ্টা করেছে এবং বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে, তাদের পরিণতি থেকে আপনারা শিক্ষা নেওয়া শুরু করুন।’