দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই, সন্ত্রাস ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে এ উদ্বেগ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও জনমনে সৃষ্ট নিরাপত্তাহীনতা দূর করতে কেবল মুখরোচক বা বিচ্ছিন্ন আশ্বাস যথেষ্ট নয়, বরং সরকারের পক্ষ থেকে দ্রুত ও দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং ব্যবসায়ী, পেশাজীবী ও শ্রমজীবীরা যেন চাঁদাবাজি ও সন্ত্রাসের ভয় ছাড়া নিজ নিজ কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন—তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারত্ব ও সহিংসতা বৃদ্ধির অভিযোগে জনমনে আতঙ্ক বাড়ছে। এসব ঘটনায় কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
নেজামে ইসলাম পার্টির নেতারা স্পষ্ট করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। চাঁদাবাজি, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতা রোধে নিরপেক্ষ পদক্ষেপ নিয়ে জনগণকে বাস্তবে তার সুফল অনুভবের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।