সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদসহ দেশের চলমান বিভিন্ন ইস্যু এবং বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী সমাবেশ, মিছিল, আলোচনা সভা, র্যালি, সামাজিক কার্যক্রম ইত্যাদি।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে গত বুধবার অনুষ্ঠিত জামায়াতের নির্বাহী পরিষদের সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত হয়।
গোলাম পরওয়ার বলেন, আমাদের সমস্ত কর্মসূচি হবে একক দলীয় কর্মসূচি; জোটের শরিক দলগুলো নিজ নিজ জায়গা থেকে আলাদা কর্মসূচি ঘোষণা করবে।
তিনি বলেন, জনগণ, সরকার এবং বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠা উচিত হলেও সরকার তা অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনতাকে ঐক্যবদ্ধ রাখতে চায়। এই পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে দলগতভাবে ৪০ দিনব্যাপী টানা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে—২১ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর একই ইস্যুতে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন হবে।
২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। জেলা সংগঠন এই সমাবেশ আয়োজন করবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল হবে। উপজেলা/থানা সংগঠন এই মিছিলের আয়োজন করবে।
ডিসেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে—২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা; ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা; ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন; ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা ও ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’ আয়োজন করা হবে।
এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া; ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা; ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা; ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা এবং ২৬ থেকে ৩১ ডিসেম্বর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান কর্মসূচি পালিত হবে।
দেশের মানুষের অধিকার ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই কর্মসূচিতে দেশবাসী, গণমাধ্যম ও রাজনীতিসচেতন সব মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে জামায়াতের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে এখন যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, সেখানে প্রধানত তিনটি ইস্যু জাতীয়ভাবে আলোচিত এবং উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়। সেগুলো হলো—সরকার একদলীয়ভাবে বিরোধী দলকে পাশ কাটিয়ে গণরায়ের প্রতি যে বিচারহীনতা করছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সেই সংকট পার্লামেন্টেও নিষ্পত্তি হচ্ছে না এবং রাজপথের আন্দোলনও অব্যাহত রাখা হয়েছে। সরকার যদি নিজে উপলব্ধি না করে, তবে পরিস্থিতি আরও সংকট ঘনীভূত করতে পারে। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অস্বীকার করায় মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে।
দ্বিতীয়ত, গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং মালিকদের শিল্প বাঁচানোর দাবিতে চরম পোশাকশিল্পের সংকট তৈরি হয়েছে। এ ছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর এ দেশের আওয়ামী লীগের লোকেরা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর, নাশকতা, জ্বালাও-পোড়াও শুরু করেছে।
আজকে (বৃহস্পতিবার) প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ২২টিরও অধিক জেলায় সংঘাত ছড়িয়ে পড়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতি ঘটছে। এই পরিস্থিতির শিকার হয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হচ্ছে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদকে প্রতিহত করব, কোনো সহিংসতার পথে নয়। যারা আবু সাঈদ, মুগ্ধসহ শত শত মানুষকে হত্যা করেছে, তাদের এই বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাঁই জনগণ আর কোনোদিন দেবে না।
তিনি বলেন, সরকারের অভ্যন্তরে, সচিবালয় থেকে তৃণমূল পর্যন্ত ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে; তাদের শনাক্ত করে অপসারণ না করলে সরকার সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের; ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম; দক্ষিণের সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন এবং উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।