আজ বিভিন্ন দলের কর্মসূচি
বিভিন্ন দলের বিবৃতি
ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে নিরীহ ধর্মপ্রাণ মুসলিমদের ওপর সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা।
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা স্মরণে গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়। এছাড়া, শাপলা চত্বরের ঘটনা স্মরণে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলেও একই দাবি জানানো হয়।
শাপলা চত্বরে শহীদদের স্মরণে সারা দেশে দোয়া ও আলোচনা সভা আয়োজনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমানের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়। এতে শাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানান তারা।
দলটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল রাজধানীর পল্টন, কামরাঙ্গীরচর ও বারিধারা জোন ছাড়াও বিভিন্ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।
আজ মঙ্গলবারও একই ধরনের কর্মসূচি পালিত হবে বলে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানিয়েছেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোনো স্বৈরাচার নিজ দেশের নাগরিকদের সঙ্গে এমন নৃশংসতা করতে না পারে।
গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে চরমোনাই পীর বলেন, এই হত্যাকাণ্ড আধুনিক জাতিরাষ্ট্রের ইতিহাসে এক বর্বরোচিত ও কলঙ্কময় অধ্যায়। শাপলার শহীদ এবং আহতদের জাতীয় বীরের স্বীকৃতি দিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই হত্যাকাণ্ডের প্রতি ঘৃণা ও প্রতিবাদ জাগরুক রাখতে রাষ্ট্রীয়ভাবে এই দিনকে স্মরণ করতে হবে।
আজ বিভিন্ন দলের কর্মসূচি
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা স্মরণে আজ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন দল ও সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘শাপলা ও শাহবাগ : মুসলিম রাজনৈতিকতা ও বাঙালি জাতীয়তাবাদের দ্বৈরথ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে আজ বিকাল তিনটায় এ সভায় বিভিন্ন দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেবেন।
এদিকে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো দুই দিনব্যাপী তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। আজ বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
এছাড়া জাতীয় প্রেস ক্লাবে সুশীল ফোরাম, তোপখানায় ডিসিসি হলে ছাত্র জমিয়ত আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে। বিকেলে মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করবে খেলাফত আন্দোলন। একই স্থানে মানববন্ধন করবে ইসলামী ছাত্রশিবির।
শাপলার শহীদগাঁথা অনুষ্ঠান শুক্রবার
শাপলা চত্বরের ঘটনা স্মরণে আগামী শুক্রবার ‘শাপলার শহীদগাঁথা— ৫ মে-এর গণহত্যা : স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করবে শাপলা স্মৃতি সংসদ।
জাতীয় জাদুঘরে আয়োজিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
এএস