রাজধানীর মিরপুর-১ রাড্ডা এলাকায় সাময়িক সংস্কার কাজ চলমান থাকায় গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের পাশে দাঁড়িয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম. এ. তাইফুল হক।
ব্যক্তিগত উদ্যোগে তিনি গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে টিটেনাস ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছেন। সংস্কারকাজের কারণে যেন কোনো গর্ভবতী মা প্রয়োজনীয় টিকাদান থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ডা. এম. এ. তাইফুল হকের চেম্বারে এ সেবা দেওয়া হবে। গর্ভবতী মায়েরা সেখানে গিয়ে বিনামূল্যে টিটেনাস ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে ডা. এম. এ. তাইফুল হক বলেন, ‘সংস্কারকাজের জন্য মায়েদের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্যই এই সাময়িক উদ্যোগ। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকাটাই আমার দায়িত্ব।’
স্থানীয় বাসিন্দারা জানান, সংস্কারকাজের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা নিতে গিয়ে গর্ভবতী নারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ অবস্থায় বিনামূল্যে টিকাদানের উদ্যোগ তাদের জন্য সহায়ক হবে। ডা. তাইফুল হকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।