হোম > রাজনীতি > বিএনপি

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগে ববি হাজ্জাজের নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার

ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদার এবং এলাকার মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা কাছ থেকে জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

এর অংশ হিসেবে আগামীকাল বুধবার (১২ আগস্ট) ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের আমন্ত্রণে তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় অংশ নেবেন তিনি। ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিক সভা কিংবা রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী।

এক কাপ চায়ের আড্ডায় এলাকার মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা শোনার পাশাপাশি তাদের পরামর্শও গ্রহণ করবেন তিনি। উদ্যোগটির বিশেষত্ব হলো—জনপ্রতিনিধির কাছে জনগণকে যেতে হবে না; বরং জনপ্রতিনিধিই যাবেন জনগণের ঘরে।

ঢাকা-১৩ আসনের বাসিন্দারা অনলাইনে আমন্ত্রণ জানিয়ে নিজেদের বাসায় প্রতিমন্ত্রীকে চায়ের আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে আরও নিবিড় ও সরাসরি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি, তৃণমূলের বাস্তব অভিজ্ঞতা ও নাগরিক সমস্যাগুলো জানার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধিত্ব শুধু সংসদে বক্তব্য দেওয়া কিংবা অফিসে বসে মানুষের কথা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কাছে যেতে হবে, তাদের জীবনযাপন দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও গভীর করতেই এই উদ্যোগ।

তিনি বলেন, এক কাপ চায়ের আড্ডায় হয়ত এমন অনেক কথা উঠে আসবে, যা আনুষ্ঠানিক বৈঠকে বলা সম্ভব হয় না। আমার নির্বাচনি এলাকার প্রতিটি মানুষের মতামত ও পরামর্শ আমার কাছে গুরুত্বপূর্ণ।

ববি হাজ্জাজ আরও বলেন, এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি ঢাকা-১৩-কে আরও বাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

‘চায়ের আড্ডা’ কর্মসূচিতে নাগরিক সমস্যা, শিক্ষা, যোগাযোগ, গ্যাস-পানি-বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন বিষয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় উদ্যোগ ও নাগরিকদের বিভিন্ন প্রস্তাব সম্পর্কেও তিনি জানতে চাইবেন।

সংশ্লিষ্টদের মতে, ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের ক্ষেত্রে ‘চায়ের আড্ডা’ নতুন ও ব্যতিক্রমী একটি রাজনৈতিক-সামাজিক যোগাযোগের মডেল হয়ে উঠতে পারে। আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মানুষের ঘরে গিয়ে কথা বলার এ উদ্যোগ জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব কমানোর পাশাপাশি অংশগ্রহণমূলক স্থানীয় নেতৃত্বের একটি দৃষ্টান্ত তৈরি করতে পারে।

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল