বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে ডেঙ্গু সচেতনতা সপ্তাহ। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্লিচিং পাউডার ছিটিয়ে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়িঘর, অফিস-আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।’
বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের আন্তরিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানান তিনি।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘হাসপাতাল চিকিৎসা ও মানবসেবার পবিত্র স্থান। রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের অভিযোগ বা বিরোধ থাকলে তা আইনগত ও শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।’ একই সঙ্গে তিনি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।