হোম > রাজনীতি > জামায়াত

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করছে জামায়াত

রকীবুল হক

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে জোর আলোচনা। সরকারি দলের পাশাপাশি প্রধান বিরোধী দলের নারী সংসদ সদস্য কারা হচ্ছেনÑসে ঘোষণার অপেক্ষায় অনেকে। এরই মধ্যে প্রাপ্য কোটা অনুযায়ী সংরক্ষিত আসনের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে দলীয় নেতাদের পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিদের নাম আলোচনায় রয়েছে। জামায়াতের মহিলা বিভাগের প্রস্তাব ও পরামর্শের ভিত্তিতে দলটির সংসদীয় বোর্ডে সময়মতো এ তালিকা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী জামায়াতে ইসলামী সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ১২টি আসন পেতে পারেন। এ সংখ্যাকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে দলটি। সংসদে ভূমিকা রাখার পাশাপাশি দলের মহিলা অঙ্গনে প্রভাব ফেলতে পারেÑএমন নেতৃত্ব খুঁজছে জামায়াত। দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিনিধিত্ব করতে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জামায়াতের আঞ্চলিক দায়িত্বশীলদের মধ্য থেকেও নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রমতে, জামায়াতের নারী সংসদ সদস্য হিসেবে সম্ভাব্য প্রার্থী তালিকায় আলোচনায় আছেন, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, দলের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ও সাবেক এমপি ডা. আমেনা বেগম, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের স্ত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শাহান আরা বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, সহকারী সেক্রেটারি নাজমুন্নাহার নীলু ও সাঈদা রুম্মান, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল, কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চল পরিচালক মাসুমা পারভীন প্রমুখ।

এছাড়া জামায়াতের পেশাজীবীদের মধ্যে আলোচনার শীর্ষে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ও মিডিয়া ব্যক্তিত্ব মারদিয়া মমতাজ, সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ডা. শামীমা তাসনিম, সংগঠনটির সেক্রেটারি এবং ঢাকা-১০ আসন থেকে সামান্য ভোটে পরাজিত এমপি প্রার্থী অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকারের স্ত্রী ড. ফেরদৌস আরা খানম বকুল প্রমুখ।

সংরক্ষিত আসনের প্রার্থী বাছাই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি নাজমুন্নাহার নীলু জানান, এ বিষয়ে আলোচনা চলছে। মহিলা বিভাগ থেকে নামের প্রস্তাব পাঠানো হবে জামায়াতের নীতিনির্ধারণী ফোরামে। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে।

মহিলা বিভাগ সূত্র জানায়, নারী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মূল সংগঠনের নেতৃত্ব থেকে যোগ্যতাসম্পন্ন ব্যক্তি এবং যেসব এলাকায় দলীয় এমপি নির্বাচিত হয়নি, সেসব এলাকাকে বিশেষ বিবেচনাসহ সারা দেশ থেকেই সংসদে প্রতিনিধিত্ব রাখা হবে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বলেন, নারী প্রার্থী বাছাইয়ের বিষয়টি আলোচনায় আছে। সময়মতো এটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, মহিলা বিভাগ থেকে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী জামায়াতের সংসদীয় বোর্ডে আলোচনা করেই তা চূড়ান্ত করা হবে।

জামায়াতের মহিলা বিভাগের পেশাজীবী একজন নেতা জানান, দুভাবে নারী প্রার্থী বাছাই করা হতে পারে। তাহলো দলীয় নেতৃত্ব থেকে এবং বাইরের পেশাজীবী বা অন্য কোনো যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে।

সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংসদের প্রথম অধিবেশন বসার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। তিনি বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী সংরক্ষিত আসন সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হলে জামায়াত ২৪টি আসন পেতে পারে। সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনের পরিকল্পনাটিও আরো বিস্তৃত হবে। আর বর্তমান কাঠামো বজায় থাকলে প্রাপ্ত ১১ থেকে ১২টি আসনের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে জামায়াতের সংরক্ষিত কোটায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দল থেকেও নারী প্রার্থী মনোনয়নের প্রত্যাশা করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্রমতে, জামায়াতে ইসলামী এর আগে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পায় দুটি ও ২০০১ সালে অষ্টম সংসদে পেয়েছিল চারটি আসন। দীর্ঘদিন পর দলটি এবার প্রথমবারের মতো সংসদে বিরোধী দলের মর্যাদার পাশাপাশি ইতিহাসে সর্বোচ্চসংখ্যক নারী আসন পেতে যাচ্ছেন।

জামায়াতের কর্মপরিষদে শিশির মনির

লেগুনাচালক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যার নিন্দা জামায়াত আমিরের

সংরক্ষিত নারী আসনে আলোচনায় জামায়াতের যেসব প্রার্থী

বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য বাস্তবতাকে অস্বীকারের শামিল: জামায়াত

ভোরে জামায়াত আমিরের পোস্ট, কী লিখলেন

জামায়াত আমিরের সঙ্গে ডক্টরস ফোরাম নেতাদের সাক্ষাৎ

সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণবিরোধী সরকার গঠিত হয়েছে

‘চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের