আগামীকাল বুধবার ঢাকা মহানগরী ছাড়া দেশের অন্যান্য মহানগরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও জানানো হবে।
তিনি বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।