জাপানের টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
শুক্রবার স্থানীয় সময় বিকেলে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মিশনের নেতাদের এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সেবার মান বৃদ্ধি, রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের আরও বেশি উৎসাহিত করা এবং জাপানে আরো বেশি সংখ্যক ছাত্র, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করেন নেতারা।
সর্বোপরি, বর্তমান রাষ্ট্রদূত ও দূতাবাসের কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতের প্রতিনিধি দল। অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন মিশনের টোকিও সিটির সভাপতি সরওয়ার আলম জোহা, আইসিএফ সেক্রেটারি আব্দুল মোমেন, শাহীন আলী এবং ব্যবসায়ী নেতা সানাউল হক। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন।