নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন
আধুনিক নগরব্যবস্থাপনা ও সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসিসি গড়তে জামায়াতে ইসলামী দৃঢ় প্রত্যয়ী বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, নাগরিক, নগরবান্ধব ও কলাণকামী রাজনৈতিক সংগঠন হিসাবে নগরবাসীর সব সমস্যা সমাধান ও দুর্দশা লাঘবের জন্য কাজ করতে চায় জামায়াত। তিনি স্বপ্নের নগরী গড়তে জামায়াতের হাতকে আরো শক্তিশালী করতে নগরবাসীর প্রতি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও নগর প্রশাসনকে দলীয়করণ করার কারণেই ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণেই নগরজীবনে জনদুর্ভোগ, ভোগান্তি ও অস্বস্তি এখন চরমে উঠেছে। সঙ্গত কারণেই ডিএনসিসিতে ক্রমবর্ধমান মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, যানজট, পরিবহন সেক্টরে নৈরাজ্য ও রাস্তার খানাখন্দক সমস্যা একেবারে প্রান্তিক পর্যায়ে এসে ঠেকেছে।
তাই জামায়াত একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে নগরবাসীর এসব সমস্যার সাধ্যমত সমাধানের চেষ্টার জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সে ধারাবাহিকতায় আজ আমরা ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করছি।
তিনি বলেন, এ অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোন সমস্যার কথা আমাদেরকে সরাসরি অবহিত করলে আমরা সেসব সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি এ কর্মসূচিকে সফল করতে স্ব স্ব অবস্থান থেকে জামায়াতকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের নগরবাসীর প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মাহনগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারি সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াছিন আরাফাত, উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, বসুন্ধরা থানা আমির মোঃ আবুল বাসার ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ মঈদ উদ্দিন প্রমূখ।