দেশকে নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহল বহুমুখী ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, এসব ষড়যন্ত্রের নীলনকশা চুরমার করে দিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘গত জাতীয় নির্বাচনে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে যে প্রত্যাশা ও আস্থার জায়গা থেকে ভোট দিয়েছে, আমাদের সেই আস্থার পূর্ণ প্রতিফলন ঘটাতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরেবাংলা নগর উত্তর শাখার আমির আবদুল আওয়াল আজমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় নেতারা।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তোলার উদ্যোগ নিতে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই লক্ষ্যে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নগর উন্নয়নের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে আমরা তৎপর আছি।’
তিনি আরও জানান, আগামী ৪ ডিসেম্বর শেরেবাংলা নগর উত্তর থানার নাগরিকদের অংশগ্রহণে একটি নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশে সর্বস্তরের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। সেখানে নাগরিকদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরে একটি বাসযোগ্য, আধুনিক ও উন্নত নগরী গড়ে তোলার বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার আহ্বান জানান।
হাতিরঝিল পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশ:
এদিকে ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগে সোমবার রাতে একটি ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় মগবাজারে থানা কার্যালয়ে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।