গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সি মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সঙ্গে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মসজিদের ইমাম বাবার গলায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা ১৫ বছর বয়সি এক মাদরাসাছাত্রীকে অপহরণ করেছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পুলিশ প্রশাসন অপহৃত মেয়েটিকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে না পারার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। অপহরণের এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে দিনে-দুপুরে সন্ত্রাসীরা বাবার কাছ থেকে মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আমি দ্রুততম সময়ের মধ্যে অপহৃত মেয়েটিকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া এবং অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।