হোম > রাজনীতি > জামায়াত

জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে জামায়াত

নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দায়িত্বশীল ‍ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দলের ভূমিকার পাশাপাশি সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জনগণের মুখপাত্র হিসেবেও ভূমিকা রাখছে। সরকার সংসদীয় ভাষা বোঝে না বলেই সংসদে জনগণের দাবি পূরণে কাজ করছে না। এ জন্য বিরোধী দল বাধ্য হয়ে সংসদের পাশাপাশি রাজপথেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত করা পর্যন্ত জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।

বুধবার রাতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হলেও সরকার উদাসীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে বলে মনে হয় না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।

তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্য আরো ঊর্ধ্বগতির ফলে জনজীবনে মারাত্মাক প্রভাব ফেলছে। সরকার মধ্যপ্রাচ্যের সমস্যার কথা বলে তেলের দাম বাড়িয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যার চেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট, দুর্নীতি, অব্যবস্থাপনা। সরকার পে-স্কেল দেওয়ার আগেই তেলের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে হাজার-হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে নিয়েছে।

পে-স্কেলে ২৫ লাখ সরকারি চাকরিজীবীকে সামান্য সুবিধা দেওয়ার নামে সরকার ১৮ কোটি জনগণের পকেট কেটে কোটি-কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার জন্য তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের ভূতুড়ে বিলসহ সব ক্ষেত্রে লু্টপাট চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকার ক্ষমতা গ্রহণের দিন থেকেই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে এবং গণবিরোধী সরকার হিসেবে নিজেদের জাতির কাছে উপস্থাপন করেছে।

তিনি বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে অতীত ভুলে গেছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কাউকে ক্ষমতায় রাখতে পারে না। জনগণের বিপক্ষে গিয়ে একক আধিপাত্যও টিকতে পারেনি, পারবে না।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় মহানগরী কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, ড. হেলাল উদ্দিন ও ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, শেখ শরিফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসাইন, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, মো. শহিদুল ইসলাম, আবদুল হাই, শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম। এছাড়া মহানগরীর সব থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান

রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের

‘জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা করে ইনিয়ে-বিনিয়ে বলা হচ্ছে চাঁদা চাওয়া হয়নি’

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়