মাওলানা আব্দুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংক ডাকাত এস আলমের হাতে তুলে দিয়ে ইসলামী ব্যাংককে আবারও ধ্বংসের পাঁয়তারা করছে বর্তমান সরকার। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না।
তিনি রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত ‘ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামী ব্যাংক ধ্বংসের নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে মাওলানা আব্দুল হালিম বলেন, বিএনপি সরকার এই ধ্বংসের নেতৃত্ব দিক, দেশের মানুষ তা চায় না। তিনি বলেন, ‘ব্যবসা হালাল ও সুদ হারাম’ এই মডেল প্রতিষ্ঠার জন্যই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এই ব্যাংকের ৩ কোটি গ্রাহককে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হলে সরকার বা কারও জন্য সুখকর হবে না। ইসলামী ব্যাংককে ধ্বংস করে অন্যকে সুবিধা দেবেন—এটা আমরা গ্রাহকেরা মেনে নেব না। ব্যাংক খাতকে রাজনীতিকরণ করা যাবে না। আমরা ব্যাংকের নিরাপত্তা ও সুন্দর বন্দোবস্ত চাই। ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকেরাই আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক বলেন, বর্তমান বিএনপি সরকার আর পতিত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই সরকারের সময়েও যেভাবে ইসলামী ব্যাংক গ্রাহকদের রক্ত ঝরাতে হচ্ছে, তা লজ্জার বিষয়। এট জুলাই বিপ্লবকেও প্রশ্নবিদ্ধ করার শামিল। তিনি সরকারকে হঁশিয়ার করে বলেন, ইসলামী ব্যাংক দখল করলে এর মধ্য দিয়েই আপনাদের পতন হবে।
লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই ব্যাংক আমাদের ব্যাংক, এটা আমাদের সিদ্ধান্তেই চলবে।
নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে ও মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন, লে. কর্নেল (অব.) ফরিদুল আকবর, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অধ্যাপক ড. আবু হানিফ খান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, কর্নেল (অব.) আবু ইউসুফ জুবায়ের, জাগপা নেতা আসাদুর রহমান খান, নৌ কমান্ডার (অব.) সিদ্দিকুর রহমান, মেজর (অব.) হারুন অর রশীদ, ড. ফরিদ উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।