আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের ওপর ব্যাপক হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।
রোববার বেলা ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেবেন।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন।
এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে ‘বিএনপির সন্ত্রাসীদের হামলায়’ জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে রাজধানীর মহাখালীতে ঘোষিত বিক্ষোভ অনিবার্য কারণবশত স্থগিত করেছে দলটি।
এছাড়া একই ইস্যুতে ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভটিও আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদের বিক্ষোভে পরিবর্তিত হয়েছে। তবে এই বিক্ষোভ থেকেই দলীয় কর্মী হত্যার বিষয়টি তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।