হোম > রাজনীতি > জামায়াত

খুলনা বিভাগে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে সহযোগিতা করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মী, সমর্থক, স্থানীয় জনগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছে দলটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। তিনি লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের এ লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

লংমার্চ চলাকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে লংমার্চের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এবারের লংমার্চে সর্বস্তরের লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। তাদের ‘নারায়ে তাকবির’ ধ্বনিতে পুরো লংমার্চ মুখর হয়ে ওঠে। লাখ লাখ আবাল-বৃদ্ধ-বনিতা প্রখর রোদ উপেক্ষা করে সড়কের দুপাশে দাঁড়িয়ে লংমার্চের বহরকে অভিবাদন জানান।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবারের লংমার্চে হাজার হাজার নারী নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা দীর্ঘ সময় ধরে নানা কষ্ট সহ্য করে কর্মসূচিতে অবস্থান করেন এবং ধৈর্যের পরিচয় দেন। তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে লংমার্চে অংশ নেওয়া মানুষ এবং পথে পথে সহযোগিতা ও সংহতি জানানো ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের এই নেতা।

লংমার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতা, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়কসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান তিনি।

লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দীর্ঘ পথের এ কর্মসূচিতে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় তারা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।

এএম

মজলুম থেকে জালিম, আবার মজলুম হলে গণমাধ্যমের কাছেই বলবেনÑ বাঁচান: রাশেদকে মাসুদ

গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে একদফা দাবি রূপান্তর করা হবে: জামায়াত আমির

আমার দেশ ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না: বিএনপিকে ডা. শফিকুর রহমান

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ