হোম > রাজনীতি > জামায়াত

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ: ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান।

তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচারের দাবিতে পরিচালিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই আক্রমণাত্মক ভূমিকা কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি পুরোনো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। ছাত্র-জনতা যে ফ্যাসিবাদকে রক্ত দিয়ে বিদায় করেছে, পুলিশ আজ সেই একই কায়দায় রাজপথে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছে যে, তারা এখনো ফ্যাসিবাদের সেবাদাস হিসেবেই কাজ করছে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের ব্যাপারে চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারের সময় গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।

অত্যন্ত পরিতাপের বিষয় যে, গুলিবিদ্ধ হওয়ার ৫৬ দিন পার হলেও মামলার কোনো যৌক্তিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। উপরন্তু, মামলার শুনানি ইতোমধ্যে ৫ বার পেছানো হয়েছে, যা প্রশাসনের দায়িত্বহীনতা ও রহস্যজনক আচরণকেই স্পষ্ট করে। ছাত্র-জনতার বিপ্লবের পর গঠিত সরকারের আমলে যদি বিচারপ্রার্থী পরিবারগুলোকে রাজপথে মার খেতে হয়, তবে এই সরকারের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা সংগত। প্রশাসনের এই গড়িমসি এবং খুনিদের মদদ দেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

শিবির নেতারা জোর দাবি জানিয়ে বলেন, শহীদ ওসমান হাদির বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পেছনে দেশি-বিদেশি কোনো আধিপত্যবাদী চক্রের গভীর ষড়যন্ত্র আছে কি না, তা জাতিকে জানাতে হবে। অবিলম্বে আজকের হামলায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। আমরা আজকের হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি যে, অবিলম্বে দমন-পীড়ন বন্ধ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা না করলে ছাত্র-জনতা আবারও রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

বিবৃতিতে তারা দাবি করেন, বৃহস্পতিবার থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। শুক্রবার বিকেল ৪টার দিকে কোনো প্রকার উসকানি ছাড়াই পুলিশ অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এবং ঢাবি শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ অনেকেই গুরুতর আহত হন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের