জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে যান।
রোববার (১ মার্চ) সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছে মফিজুরের শারীরিক খোঁজ-খবর নেন। উন্নত চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা কর্তব্যরত চিকিৎকদের দিয়েছেন তিনি।
পরে জামায়াত আমির মুফিজুরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান প্রমুখ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির সন্ত্রাসীদের হামলায় আহত ইউনিয়ন আমির মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান মৃত্যুবরণ করেন। এছাড়া ওই হামলায় জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী আহত হন। এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত রোববার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।