মহানগরী উত্তর জামায়াতের শূরার অধিবেশন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে। শুরুতেই তারা গণভোটকে অবৈধ বললেও এখন এর বৈধতা স্বীকার করে নিয়েছে। তাই সরকারের পক্ষে জুলাই সনদকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই।
তিনি সরকারকে আত্মঘাতী অবস্থান থেকে সরে এসে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে অবিকৃতভাবে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় সিটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় রাজধানী ঢাকাকে ইসলামী আন্দোলনের অপরাজেয় দুর্গে পরিণত করতে সকল স্তরের জনশক্তিকে মাঠে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ইসলামী আন্দোলন কোনো গতানুগতিক রাজনীতি নয়; বরং এটি আর্ত-মানবতার কল্যাণে নিবেদিত কাফেলা। তাই ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের প্রচলিত রাজনীতির গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে ধৈর্য, সহনশীলতা, প্রজ্ঞা, দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টির জন্য অধ্যবসায়ী হওয়ার কোনো বিকল্প নেই। এজন্য কুরআন, হাদিস এবং বেশি বেশি ইসলামী সাহিত্য অধ্যয়ন করে নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার পরিধি বাড়াতে হবে। সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরামর্শভিত্তিক। দায়িত্ব পালন করতে হবে ইখলাস ও দৃঢ়তার সঙ্গে। তাহলেই ইসলামী আন্দোলন আগামী দিনে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে।
তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতের রাজনীতি দুনিয়া হাসিলের কোনো উদ্দেশ্যে নয়; বরং আর্ত-মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিই আমাদের আসল উদ্দেশ্য।
বস্তুত আমরা ভোগের নয়; বরং ত্যাগ ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রত্যয়ী, যেখানে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। এ কাজের মাধ্যমে আমরা মহান আল্লাহ তা’য়ালাকে খুশি করে জান্নাতের মহাপুরস্কারে পুরস্কৃত হতে চাই।
তিনি সে উদ্দেশ্য সাধনে সকলকে মানুষের কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত প্রমুখ। মজলিসে শূরায় পুরুষ ও নারী সদস্যরা অংশগ্রহণ করেন।